চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) চতুর্থ সমাবর্তন আজ বৃহস্পতিবার। সেই সঙ্গে এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে ৬ ডিসেম্বর উদ্যাপিত হবে বিশ্ববিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী। আজ বেলা আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন রাষ্ট্রপতি এবং বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. আবদুল হামিদ। গত মঙ্গলবার চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে চুয়েট সমাবর্তন ও সুবর্ণজয়ন্তী উদ্যাপন প্রচার ও মিডিয়া উপকমিটির সভাপতি অধ্যাপক ড. আসিফুল হক এ তথ্য জানান । এ সময় আরো উপস্থিত ছিলেন প্রাক্তন ছাত্র ও র্যালি উপকমিটির সদস্য সচিব অধ্যাপক ড. জি এম সাদিকুল ইসলাম, সদস্য এ টি এম শাহজাহান, সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ ফজলুর রহমান, জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ রাশেদুল ইসলাম।
সংবাদ সম্মেলনে ড. আসিফুল হক বলেন, সমাবর্তন অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ও বাংলাদেশ ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ।
পরদিন শুক্রবার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে প্রায় ১০ হাজার মানুষের মিলনমেলা হবে। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
