বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) সামনে রেখে গত কয়েক দিন ধরেই মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বিচ্ছিন্নভাবে অনুশীলন করছেন ক্রিকেটাররা। গতকাল প্রথম দল হিসেবে আনুষ্ঠানিক অনুশীলন শুরু করলো চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। প্রথম অনুশীলনের দিনে দলটির উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহান বললেন, তাদের প্রথম লক্ষ্য সেরা চারে যাওয়া। তবে চূড়ান্ত লক্ষ্য অবশ্যই শিরোপা জেতা।
গতকাল অনুষ্ঠানিক অনুশীলনের প্রথম দিনে দেশি ক্রিকেটাররা হাজির হলেও ছিলেন না চট্টগ্রামের বিদেশি তারকারা। তারা দ্রুত যোগ দেবেন বলে জানালেও ঠিক কবে আসবেন, সেটা সোহান জানাতে পারলেন না। এবারের আসরে নিজেদের লক্ষ্যের কথা বলতে গিয়ে সোহান বলছিলেন, ‘সাতটি দলই শিরোপা জয়ের জন্য মাঠে নামবে। আমরাও কিন্তু শিরোপার জন্য খেলব। প্রথম লক্ষ্য আমাদের থাকবে চারটি দলের মধ্যে কোয়ালিফাই করা। তারপর আমরা ধাপে ধাপে চিন্তা করব।’
সোহান মনে করেন, এবার টুর্নামেন্টে তারা খুব ভারসাম্যপূর্ণ একটা দল নিয়ে নামতে পারছেন। সেই ভরসায় তিনি মনে করি, তাদের পক্ষে ভালো ফল করা সম্ভব, ‘টি-টোয়েন্টিতে যেদিন যারা ভালো খেলবে সেদিন তারাই জিতবে। সাতটি দলের সবগুলোই ব্যালেন্সড। আল্লাহ্?র রহমতে, আমাদের দলও ব্যালেন্সড অবস্থায় আছে। মাঠে যদি আমরা শতভাগ দিতে পারি এবং ম্যাচের অবস্থা অনুযায়ী খেলতে পারি তাহলে আমার মনে হয় ভালো ফলাফল করা সম্ভব।’
সোহান ব্যক্তিগতভাবে অনেকদিন ধরে জাতীয় দলের বাইরে আছেন। তবে তিনি মনে করেন, তিনি নিজের জন্য নয়, যখন যে দলের হয়ে খেলেন, সেই দলের জন্য কিছু করার জন্য লড়ছেন, ‘আমি কিছু কিছু জিনিস চিন্তা করি অন্যভাবে। আমার কাছে মনে হয় আমার সন্তুষ্টি অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমার কাছে মনে হয় আমি যদি দশ রান করে দল জেতাতে পারি তাহলে আমি সন্তুষ্ট। জাতীয় লিগ বা ‘এ’ দলের হয়ে ভালো খেলছিলাম। বড়ো রান করেছি। এবারও আমরা চ্যালেঞ্জ থাকবে যেন ফিনিশিং করতে পারি। দলের হয়ে যেন ম্যাচ জেতাতে পারি।’
সোহান মনে করেন, কেবল তিনি নন, জাতীয় দলের বাইরে যে সব ক্রিকেটার আছেন, তারা সবাই কঠোর পরিশ্রম করছেন। কারণ, পরিশ্রমের কোনো বিকল্প দেখেন না তিনি, ‘যারা পেশাদার ক্রিকেট খেলছে তাদের আসরে কঠোর পরিশ্রম ছাড়া কিছু নেই। সবাই নিজের দিক থেকে চেষ্টা করে যেন শতভাগ দিতে পারে। শুধু আমি না, দলের ব্যাকআপ ক্রিকেটারসহ ৪০-৫০ জন যারা আছে, তাদের প্রত্যেকেই এই কঠোর পরিশ্রম করে যাচ্ছে। মনে প্রাণে এটাই বিশ্বাস করে যে কঠোর পরিশ্রম ছাড়া উপায় নেই।’
এই যে জাতীয় দলে ফেরার জন্য চ্যালেঞ্জ বা প্রতিনিয়ত পারফরম করার চাপ, এটা খুব উপভোগ করেন বলেই বলছিলেন সোহান। তার মতে, ‘চ্যালেঞ্জ বা চাপ সবকিছুই আমি উপভোগ করি। আমার কাছে এসব যখন আসে তখন আমার অনুভূতি অন্যরকম থাকে। সত্যি বলতে অনেক উপভোগ করি।’
