ভারতের মন্টি দেশাইকে ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট (ডব্লিউআইসি)। জাতীয় পুরুষ দলের ব্যাটিং কোচ হিসেবে আজ দুই বছরের চুক্তিতে দেশাইকে নিয়োগ দিয়েছে ক্যারিবীয় ক্রিকেট কর্তৃপক্ষ। স্বাগতিক ভারতের বিপক্ষে তিন টি-টোয়েন্টি সিরিজে আগামী শুক্রবার হায়দরাবাদে অনুষ্ঠেয় প্রথম ম্যাচের আগেই দলের সঙ্গে যোগ দেবেন দেশাই। ইতিপূর্বে কানাডা ও আফগানিস্তান দলের কোচের দায়িত্ব পালন করেছেন দেশাই। এক আনুষ্ঠানিক বিবৃতিতে দেশাই বলেন, ‘জয়ের পরিবেশ গড়ে তোলার যাত্রায় সাহায্য করার জন্য আমি মুখিয়ে আছি। আমি প্রধান কোচ ফিল সিমন্স, ক্রিকেট ডিরেক্টর জিমি এডামস ও আমাদের অধিনায়কের সঙ্গে যোগ দেওয়ার জন্য মুখিয়ে আছি, যাতে সম্ভাব্য সব দিক থেকে দলের সাফল্যে অবদান রাখতে পারি।’
