‘শিরোপা লড়াই শেষ হয়ে যায়নি’

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৯, ২১:৫৭

কোচ পেপ গার্দিওলা মনে করেন না ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা লড়াই শেষ হয়ে গেছে। তা সমালোচকরা যাই বলুক না কেন। গ্যাব্রিয়েল জেসুসের দুর্দান্ত দুই গোলে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি গত মঙ্গলবার বার্নলির মাঠে ৪-১ গোলে জয়ের পর এ কথা জানান গার্দিওলা। সিটির হয়ে অপর দুই গোল করেন রদ্রি ও রিয়াদ মাহরেজ। সব প্রতিযোগিতা মিলিয়ে আগের পাঁচ খেলায় কেবল একবার জিতেছিল সিটি। সে হিসেবে এটি তাদের কেবল দ্বিতীয় জয়। এ জয়ে শীর্ষে থাকা লিভারপুলের সঙ্গে ব্যবধান কমে আট পয়েন্টে নেমে এলো। তবে গতকাল রাতে লিভারপুল যদি এভার্টনকে হারিয়ে থাকে তাহলে আবারও দুদলের ব্যবধান বেড়ে দাঁড়াবে ১১ পয়েন্টে।

এ পরিস্থিতির মধ্যেই এক প্রশ্নের জবাবে স্প্যানিশ কোচটি বলেন, ‘শিরোপার ফয়সালা হয়ে গেছে, এমনটাই আমি পড়েছি। কেউই আমাদের একটা সুযোগ দেখছে না, ব্যাপারটা শেষ। কিন্তু না, আমি এটা বিশ্বাস করি না। আমাদের দলটা স্থিতিশীল আছে এবং আমরা এমনটাই চাই। সত্যি বলতে কি, লিভারপুলের সঙ্গে যে দূরত্ব, তাতে শিরোপার কথা ভাবা পাগলামি হবে।’

গার্দিওলা অবশ্য জয়টির পর সিটি কোচ জেসুসকে ‘অবিশ্বাস্য যোদ্ধা’ হিসেবে অভিনন্দিত করে বলেন তার দলের ‘দরকার’ ফরোয়ার্ডটিকে। যদিও ১১তম খেলায় এসে এই প্রথম গোলের দেখা পেলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ডটি। খেলার শুরুর দিকেই দারুণ এক বাঁকানো শটে গোলের সূচনা করেন তিনি।

জেসুস এ গোলের সুবাদে প্রিমিয়ার লিগে ব্রাজিলীয় গোলদাতাদের তালিকায় তৃতীয় স্থানে উঠে আসেন। এরপর ২২ বছর বয়সি স্ট্রাইকারটি বিরতির পর বার্নার্ড সিলভার ক্রসে ভলি শটে নিজের দ্বিতীয় গোলটি করেন। এখন তার সামনে আছেন লিভারপুলের সাবেক ও বর্তমান দুই খেলোয়াড় ফিলিপ কোটিনহো (৪১) ও রবার্তো ফিরমিনহো (৫২)। 

সিটি বিপক্ষের মাঠে খেলাটিতে পুরো সময়েই দাপট দেখায়। তার সুবাদে এরপর ৬৮তম মিনিটে স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি ও ৮৭তম মিনিটে আলজেরিয়ার মাহরেজ অপর দুই গোল দেন। স্বাগতিকদের সান্ত্বনার গোলটি করেন রবার্ট ব্র্যাডি।

শিরোপাধারীদের জন্য ভালো ব্যাপার হলো সার্জিও অ্যাগুয়েরো ইনজুরির কারণে যখন কয়েক সপ্তাহের জন্য মাঠছাড়া, সেই সময়ে গোল পেলেন জেসুস। এ প্রসঙ্গে ব্রাজিলীয়টি বলেন, ‘সার্জিও হচ্ছে ফুটবলে কিংবদন্তি। সার্জিও সবসময়েই গোল করে। তাই যখনই খেলতে নামি আমার গোল করা দরকার।’

আর তার কোচের বক্তব্য হলো—‘আমাদের তাকে দরকার। আমি তার জন্য গর্বিত, কেননা সে হলো অবিশ্বাস্য এক যোদ্ধা। তার গোল করা দরকার। আমরা তাকে নিয়ে কথা বলেছিলাম, ‘আমার বন্ধু, তোমাকে গোল করতেই হবে। তুমি অনেক কিছুই করো, কিন্তু তোমাকে গোলও করতে হবে এবং আজ (মঙ্গলবার) সে তাই করেছে।’