কোপা আমেরিকা

এবারের অতিথি অস্ট্রেলিয়া, কাতার

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৯, ২১:৫৮

দক্ষিণ আমেরিকার ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াই কোপা আমেরিকার পরবর্তী আসরে অতিথি দল হিসেবে আমন্ত্রণ পেয়েছে অস্ট্রেলিয়া ও ২০২২ বিশ্বকাপের আয়োজক কাতার। এর মধ্যে অস্ট্রেলিয়া প্রথমবারের মতো আমন্ত্রণ পেয়েছে। তারা পড়েছে আর্জেন্টিনার গ্রুপে। অপরদিকে কাতার পড়েছে শিরোপাধারী ব্রাজিলের গ্রুপে।

আর্জেন্টিনা ও কলম্বিয়ায় ১২ জুন শুরু হবে কোপা আমেরিকার এই আসর। গত মঙ্গলবার কলম্বিয়ায় এর ড্র অনুষ্ঠিত হয়। ‘এ’ গ্রুপের সবগুলো ম্যাচ হবে আর্জেন্টিনায়। কলম্বিয়ায় হবে ‘বি’ গ্রুপের সব ম্যাচ।

এশীয় পরাশক্তি অস্ট্রেলিয়াকে মোকাবিলা করতে হবে লিওনেল মেসি ও আর্জেন্টিনাকে। দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের গ্রুপে পড়ায় সকারুজ নামে খ্যাত এশীয় পরাশক্তি অস্ট্রেলিয়ার প্রাথমিক পর্বে পাঁচটি খেলাই হবে আর্জেন্টিনার মাটিতে। অপর খেলাগুলোয় তাদের প্রতিপক্ষ উরুগুয়ে, চিলি, বলিভিয়া ও প্যারাগুয়ে।

সবকিছু ঠিকঠাক থাকলে মেসিই হবেন ১২ জাতির এই প্রতিযোগিতার অন্যতম আকর্ষণ। অপরজন হতে পারেন বিশ্বের সবচাইতে দামি ফুটবলার নেইমার। ১৪ বারের জয়ী মেসির দল ব্রাজিলে অনুষ্ঠিত গেল আসরে তৃতীয় স্থান পায়। মেসি অবশ্য পক্ষপাতমূলক রেফারিং ও আয়োজক সংস্থার বিরুদ্ধে কথা বলে আসরটিতে তিন ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছিলেন। তিনি অবশ্য টুর্নামেন্টটি খেলতে যাবেন ব্যালন ডিঅর জয়ী হিসেবে।

অস্ট্রেলিয়া একবারই আর্জেন্টিনাকে হারিয়েছিল। সেটি ছিল ১৯৮৮ সালের ঘটনা। সেবার সিডনিতে অনুষ্ঠিত খেলাটিতে ৪-১ গোলে জিতেছিল অস্ট্রেলিয়া। বর্তমান কোচ গ্রাহাম আর্নল্ডও ছিলেন সেই দলে। তবে সামগ্রিক বিচারে অস্ট্রেলিয়া পাঁচবার হেরেছে আর্জেন্টিনার কাছে।

এশিয়ান কাপ চ্যাম্পিয়ন কাতার পড়েছে বি গ্রুপে ব্রাজিলের সঙ্গে। ব্রাজিল হলো বর্তমান চ্যাম্পিয়ন। এই গ্রুপে আরো আছে সহস্বাগতিক কলম্বিয়া, ইকুয়েডোর, পেরু ও ভেনেজুয়েলা। কাতার এ বছরের আসরেও খেলেছে। তাদের সঙ্গে অতিথি হিসেবে ছিল জাপান। কাতার অবশ্য আসরটিতে গ্রুপ পর্ব পেরোতে সমর্থ হয়নি।

 কোনো অতিথি দেশ এখনো কোপা আমেরিকা জিততে পারেনি। মেক্সিকো ১৯৯৩ ও ২০০১ সালের আসরের ফাইনালে উঠে শিরোপা জয়ের কাছাকাছি গিয়েছিল।

বিশ্বের প্রাচীনতম আন্তর্জাতিক এই প্রতিযোগিতা এটি। আগামীবারের আসরটি হবে ৪৭তম যার ফাইনাল হবে ২০২০ সালের ১২ জুলাই। ছয় বছরের মধ্যে এ নিয়ে চারবার অনুষ্ঠিত হতে যাচ্ছে কোপা আমেরিকা।

দুই গ্রুপের শীর্ষ চারটি করে দল খেলবে কোয়ার্টার ফাইনালে। আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেসে মনুমেন্টাল স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও চিলি। ফাইনাল হবে কলম্বিয়ায়।

গ্রুপ এ

আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, বলিভিয়া, উরুগুয়ে, চিলি ও প্যারাগুয়ে।

গ্রুপ বি

কলম্বিয়া, ব্রাজিল, কাতার, ভেনেজুয়েলা, ইকুয়েডর ও পেরু।