বিভক্তি সত্ত্বেও ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ন্যাটোভুক্ত দেশের

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৯, ২২:০৭

বিভক্তি সত্ত্বেও শেষ পর্যন্ত ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার করেছেন যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোভুক্ত দেশের নেতৃবৃন্দ। তারা যৌথ বিবৃতি দিতেও সম্মত হয়েছেন। এদিকে মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ব নেতারা বাকিংহাম প্যালেসে রানি দ্বিতীয় এলিজাবেথের রিসেপশনে অংশ নেন। যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স এবং নেদারল্যান্ডসের নেতারা এমন সময়ে ক্যামেরাবন্দি হন যখন তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উপহাস করে কথা বলছিলেন। খবর আল-জাজিরা ও এনডিটিভির

একে অপরকে সহায়তা করবে

ন্যাটোর ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে গতকাল লন্ডনে সম্মেলন শুরু হয়। সম্মেলনে বাল্টিক রাষ্ট্রসমূহ ও পোলান্ডের জন্য প্রতিরক্ষা পরিকল্পনা আরো আধুনিকায়ন করতে একমত হয়েছে সদস্য দেশগুলো। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন সম্মেলনের উদ্বোধন করেন। এরপর ন্যাটো মহাসচিব জেনস স্টোলেনবার্গ বলেন, আমাদের মধ্যে যতই মতপার্থক্য থাকুক না কেন আমরা একে অপরকে সহায়তায় ঐক্যবদ্ধ থাকব। বরিস জনসন বলেন, ন্যাটোর প্রতি আমাদের অঙ্গীকার দৃঢ় থাকতে হবে। ইতিহাসে দেখা গেছে, শান্তির নিশ্চয়তা দেওয়া যায় না। তবে আমাদের কথার সঙ্গে কাজের মিল থাকতে হবে। নতুন বাস্তবতা থেকে আমাদের দূরে থাকা যাবে না। বিশেষ করে, সাইবার ও মহাকাশ যুদ্ধ সম্পর্কে আমাদের গুরুত্ব দিতে হবে। এর আগে মঙ্গলবার ন্যাটো নিয়ে বিশ্বনেতাদের মধ্যে বিভক্তি দেখা যায়। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর মধ্যে বেশি বিভক্তি লক্ষ করা যায়।

ট্রাম্পকে উপহাস!

যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স এবং নেদারল্যান্ডসের নেতাদের বিদ্রুপাত্মক মুহূর্তের ভিডিওটি পোস্ট করাসহ সাবটাইটেল দিয়েছে কানাডার গণমাধ্যম সিবিএস। সেই দৃশ্যটি ধারণ করা হয়েছে ব্রিটিশ হোস্ট ক্যামেরার মাধ্যমে। লন্ডনের অদূরের ওয়াটফোর্ড নামক এলাকায় মিত্র দেশের নেতারা সম্মেলন শুরুর আগে একত্রে আলোচনা করছিলেন। ভিডিওটিতে বরিস ম্যাক্রোঁকে উদ্দেশ্য করে বলেন, ‘আপনি কি এ কারণেই দেরি করেছেন?’ তাদের কথার মধ্যে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো উপহাস করে বলেন, ‘তার দেরি হয়েছে কারণ তাকে তো ৪০ মিনিট এক সংবাদ সম্মেলনের পেছনেই ব্যয় করতে হয়েছে।’