কুমিল্লায় কৃষি ব্যাংকের একটি শাখার ভল্টের তালা ভেঙে ১১ লক্ষাধিক টাকা লুটের ঘটনা ঘটেছে। মঙ্গলবার গভীর রাতে জেলার চৌদ্দগ্রাম উপজেলার ২ নম্বর উজিরপুর ইউনিয়নের কৃষি ব্যাংক মিয়াবাজার শাখায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ব্যাংকের ঐ শাখার দুই জন গার্ড ও একজন পিয়নসহ তিন জনকে থানায় নিয়ে যায়। বিকাল সাড়ে ৪টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদের জিজ্ঞাসাবাদ চলছিল বলে পুলিশ জানিয়েছে।
সরেজমিন ঘুরে ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, জনবহুল মিয়া বাজারের সালমান হায়দার মার্কেটের তৃতীয় তলায় বাংলাদেশ কৃষি ব্যাংকের ‘মিয়া বাজার শাখা’ অবস্থিত। ঐ ব্যাংক শাখার ব্যবস্থাপক (ম্যানেজার) সাকিব সালেহীন সাংবাদিকদের জানান, ‘মঙ্গলবার ব্যাংকের কর্মদিবস শেষে গার্ড শাহজাহানকে পাহারায় রেখে কর্মস্থল ত্যাগ করেছিলাম। রাত ৮টার পর থেকে ব্যাংক পাহারার দায়িত্বে ছিল গার্ড সেলিম। বুধবার সকালে ব্যাংকে গিয়ে জানতে পারলাম, দুর্বৃত্তরা ব্যাংকের উত্তর দিকের জানালার গ্রিল কেটে ও ব্যাংকের ভল্টের তালা ভেঙে টাকা লুটে নিয়ে গেছে। বিষয়টি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা ও থানা পুলিশকে তাত্ক্ষণিকভাবে অবহিত করা হয়েছে।’ ঐ রাতে পাহারার দায়িত্বে থাকা পিমা লিমিটেডের গার্ড সেলিম (৪৯) জানান, ‘আমি হার্টের রোগী। শারীরিক অসুস্থতার কারণে রাত ১০টার পর বাড়িতে চলে যাই। সকালে ঝাড়ুদার রঞ্জিত ঝাড়ু দিতে আসলে বিষয়টি জানাজানি হয়।’
এদিকে কৃষি ব্যাংক আঞ্চলিক কার্যালয় কুমিল্লার জেনারেল ম্যানেজার (জি এম) মো. আমিনুল বাহার সাংবাদিকদের জানান, ‘ব্যাংক থেকে ভল্টের তালা ভেঙে মোট ১১ লাখ ১৫ হাজার ২১৫ টাকা লুটে নেওয়ার ঘটনা ঘটেছে।
