এস কে সিনহাসহ ১১ জনের বিরুদ্ধে দুদকের চার্জশিট

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৯, ২২:১১

ফারমার্স ব্যাংকের (বর্তমানে পদ্মা ব্যাংক) ৪ কোটি টাকা আত্মসাতের মামলায় সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাসহ (এস কে সিনহা) ১১ জনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বুধবার কমিশন মামলার তদন্ত কর্মকর্তার প্রতিবেদন যাচাইবাছাই করে এই চার্জশিট অনুমোদন দেয়। তবে এই মামলার এজাহারনামীয় এক আসামি তদন্তকালে মৃত্যুবরণ করায় তাকে মামলার দায় থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ঋণ জালিয়াতি এবং ৪ কোটি টাকা আত্মসাতে জড়িত থাকার অভিযোগে গত ১০ জুলাই এস কে সিনহাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা করে দুদক। দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১-এ দায়ের করা এই মামলার বাদী দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন।

যাদের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন করা হলো : সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, ফারমার্স ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এ কে এম শামীম, ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও সাবেক ক্রেডিট-প্রধান গাজী সালাহউদ্দিন, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট স্বপন কুমার রায়, গুলশান শাখার ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট শাফিউদ্দিন আসকারী, ভাইস প্রেসিডেন্ট লুত্ফুল হক, এস কে সিনহার কথিত পিএস রণজিত্ চন্দ্র সাহা, রণজিতের স্ত্রী সান্ত্রী রায় সিমি, টাঙ্গাইলের মো. শাহজাহান ও নিরঞ্জন সাহা। তদন্তকালে অপরাধে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় নতুন করে অন্তর্ভুক্ত করা হয়েছে ব্যাংকটির অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক চিশতী ওরফে বাবুল চিশতীকে।

সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও গুলশান শাখার সাবেক ব্যবস্থাপক মো. জিয়া উদ্দিন আহমেদ মামলার তদন্তকালে মৃত্যুবরণ করায় তাকে মামলার দায় থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।