খালেদা জিয়াকে জেলে রেখে হত্যার হুমকি দেওয়া হচ্ছে :রিজভী

আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৯, ০০:৩২

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন নিয়ে টালবাহানা না করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, তাকে সম্পূর্ণ বিনা অপরাধে ৬৬৫ দিন হলো অবৈধ ক্ষমতার জোরে কারারুদ্ধ করে রাখা হয়েছে। ন্যায়বিচার, সংবিধান, মানবাধিকার, মৌলিক অধিকার, বয়স, অসুস্থতাসহ সব বিবেচনায় চারবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জামিন পাওয়া আইনগত অধিকার। স্বাভাবিক এই জামিন নিয়ে কত রকমের টালবাহানা করা হচ্ছে। সরকারদলীয় লোকেরা প্রকাশ্যে হুমকি ও ঘোষণা দিয়ে জামিনে বাধা দিচ্ছে। তাকে জেলে রেখে হত্যার হুমকিও দেওয়া হচ্ছে। রিজভী গতকাল বুধবার বিএনপির নয়াপল্টন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।

রিজভী বলেন, ৭৫ বছর বয়সী নেত্রীর স্বাস্থ্যের অবস্থা এত ভয়ঙ্কর যে, এই মুহূর্তে তাকে মুক্তি দিয়ে উন্নত চিকিত্সার ব্যবস্থা করা না হলে জীবনহানির চরম ঝুঁকি রয়েছে। সুচিকিত্সার অভাবে তার যে ড্যামেজ হচ্ছে, সেটা আর ফিরে আসবে না। তার বাম হাত ও শরীরের বাম দিক প্রায় প্যারালাইজড হওয়ার উপক্রম হয়েছে। কারো সাহায্য ছাড়া তিনি বিছানা থেকে উঠতে পারেন না। ১৩ নভেম্বরের পর থেকে আর সাক্ষাতের অনুমতি দেওয়া হচ্ছে না। আমরা বর্তমানে তার শারীরিক পরিস্থিতি নিয়ে চরম আশঙ্কায় দিনাতিপাত করছি। আমরা বিশ্বাস করি. উচ্চ আদালত থেকে তিনি ন্যায়বিচার পাবেন।