আজ বৃহস্পতিবার সকাল ১০টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খুলে দেওয়া হচ্ছে। আগামী রবিবার চালু হবে ক্লাস-পরীক্ষা। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে অনুষ্ঠিত জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয়। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সদস্যসচিব ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সিন্ডিকেটের সদস্যদের মতামতের ভিত্তিতে হল খোলার সিদ্ধান্ত হয়। সিন্ডিকেটের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম সচল রাখার জন্য সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়েছে। দুর্নীতির অভিযোগে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের অপসারণের দাবিতে গত ৪ নভেম্বর বাসভবন ঘেরাও করেন ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর মঞ্চের’ আন্দোলনকারীরা। পর দিন ৫ নভেম্বর আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলা চালায় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। সেদিনই এক জরুরি সিন্ডিকেট সভায় অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা এবং শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়।
