সারের দাম কমল

আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৯, ০০:৩৪

কৃষকের কষ্টার্জিত ফসলের উত্পাদন ব্যয় কমাতে ডিএপি (ডাই-অ্যামোনিয়াম ফসফেট) সারের দাম কমিয়েছে সরকার। প্রতি কেজি ডিএপি সারের দাম ৯ টাকা কমিয়ে ১৬ টাকা নির্ধারণ করা হয়েছে। গতকাল বুধবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক সারের দাম কমানোর এ ঘোষণা দেন। আগে প্রতি কেজি ডিএপি সারের দাম ছিল ২৫ টাকা। ডিলার পর্যায়ে ছিল ২৩ টাকা। এখন দাম কমানোর পর ডিলার পর্যায়ে প্রতি কেজি ডিএপি সারের দাম হবে ১৪ টাকা। কৃষক তা ১৬ টাকায় কিনবে।

কৃষিমন্ত্রী বলেন, কৃষকের উত্পাদন খরচ কমাতে, কৃষিক্ষেত্রে গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিসহ পরিবেশবান্ধব টেকসই খাদ্য নিরাপত্তার স্বার্থে সরকার ডিএপি সারের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে। এ নিয়ে পাঁচ দফায় সারের মূল্য কমানো হলো।

২০০৯ সালের আগে ডিএপি সারের দাম ছিল ৯০ টাকা কেজি, যা ধাপে ধাপে কমিয়ে ২০১৪ সালে ২৫ টাকা নির্ধারণ করা হয়। প্রতিবছর সারের জন্য সরকার সর্বমোট ৭ হাজার কোটি টাকা ভর্তুকি দেয় বলে তিনি জানান।