শিল্পকলায় পার্বত্য মেলা

আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৯, ২১:৫৭

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ঐতিহ্যবাহী পণ্য এবং পাহাড়ি ফল নিয়ে রাজধানীতে শুরু হয়েছে পার্বত্য মেলা। আর এসবের সঙ্গে রয়েছে পাহাড়ি সংস্কৃতির নৃত্যগীতের আয়োজন। গতকাল বৃহস্পতিবার বিকালে রাজধানীর শিল্পকলা একাডেমি মাঠে শুরু হয়েছে চার দিনের এ মেলা। পার্বত্য এলাকার মানুষের জীবন-সংস্কৃতি, পোশাক-পরিচ্ছদ, ইতিহাস-ঐতিহ্যের সঙ্গে সমতলের মানুষদের পরিচয় করিয়ে দিতে এই আয়োজন করেছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়।

পার্বত্য মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং-এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. মেসবাহুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন রাঙ্গামাটির সংসদ সদস্য দিপংকর তালুকদার, খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা, সংরক্ষিত আসনের সংসদ সদস্য বাসন্তী চাকমা ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা।

পার্বত্য মেলায় স্থান পাওয়া ১০০টি স্টলে রয়েছে পাহাড়ের নানা তরতাজা ফলফলাদি, খাবার ও পোশাক। রয়েছে পাহাড়ি আনারস, তরমুজ, অগ্নিস্বর কলা, ড্রাগন ফল, তেঁতুল, কাঁঠাল। আছে পাহাড়ি কাঁচা হলুদ, কফি, লাল, কালো ও সাদা বিন্নি চাল। পাহাড়ি আখ ও সেই আখের তৈরি গুড়, ডায়াবেটিস প্রতিরোধক বিশেষ চা। সবজির মধ্যে আছে পাহাড়ি পাকা হলুদ বেগুন, পাহাড়ি আলু, ফরাশ সিম, কুমড়ো, সজনে ডাটা, কলার মোচা, পাহাড়ি মুলাসহ নানা সবজি। পাহাড়ের মানুষদের তৈরি কলাপাতায় মোড়ানো বিন্নি ধানের তৈরি ‘বিনি হোগা’ নামের বিশেষ এক ধরনের পিঠা, কাঁকড়া ফ্রাইসহ আছে হরেক রকমের খাবার। পোশাকের মধ্যে লুঙ্গি-গামছা থেকে শুরু করে বিছানা ও গায়ের চাদর, ফতুয়া, খামির বাহার রয়েছে। অলঙ্কারের মধ্যে রয়েছে হাঁসুলি, ঝুমকা, চোকার, নানা ধরনের মালা, ব্রেসলেট, বিভিন্ন ধরনের ব্যাগসহ পাহাড়ি নানা ঝুড়ি। বাঁশ ও বেতের তৈরি সুদৃশ্য সব চেয়ার থেকে নান্দনিকতায় ভরা ফুলদানিও আছে। এসবের পাশাপাশি পাহাড়ি মানুষদের উষ্ণ অভ্যর্থনাতো আছেই। আগামী রবিবার পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে এ মেলা। প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত পার্বত্য চট্টগ্রামের নানা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিল্পীদের সাংস্কৃতিক পরিবেশনাও থাকছে।