ঢাকায় রাশিয়ান দূতাবাসের রুশ বিজ্ঞান ও সংস্কৃতি কেন্দ্র এবং মুক্তিযুদ্ধ একাডেমি ট্রাস্টের যৌথ আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষ্যে শুরু হয়েছে মুক্তিযুদ্ধ উত্সব। গতকাল সকালে মিরপুর রোডে অবস্থিত রুশ বিজ্ঞান ও সংস্কৃতি কেন্দ্রে এ উত্সবের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন প্রধান অতিথি ঢাকাস্থ রাশিয়ান দূতাবাসের রুশ বিজ্ঞান ও সংস্কৃতি কেন্দ্রের পরিচালক ম্যাক্সিম দোব্রখোতভ। সভাপতিত্ব করেন মুক্তিযুদ্ধ একাডেমি ট্রাস্টের চেয়ারম্যান ড. আবুল কালাম আজাদ। আলোচনায় অংশ নেন কবি কাজী রোজী, মুক্তিযুদ্ধ একাডেমি ট্রাস্টের ট্রাস্টি হাফিজুর রহমান আলম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনিস মাহমুদ প্রমুখ। রুশ বিজ্ঞান ও সংস্কৃতি কেন্দ্র গ্যালারিতে উদ্বোধন করা হয় মুক্তিযুদ্ধবিষয়ক এবং বাংলাদেশ ও রাশিয়ার মধ্যকার বিভিন্ন সময়ের বর্ণাঢ্য ছবির প্রদর্শনী। প্রদর্শনী চলবে ১৯ নভেম্বর পর্যন্ত। শুক্রবার ও শনিবার ছাড়া প্রতিদিন সকাল ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত।
