বঙ্গবন্ধু সেতুপূর্ব-গোবিন্দাসী-ভুঞাপুর সড়ক

সাত কিলোমিটার খানাখন্দে ভরা ভোগান্তিতে চলাচলকারীরা

আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৯, ২২:০২

বঙ্গবন্ধু সেতুপূর্ব-গোবিন্দাসী-ভুঞাপুর সাত কিলোমিটার সড়কের বিভিন্ন স্থানে খানাখন্দের সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে রয়েছেন ঐ সড়ক দিয়ে চলাচলকারীরা। ঐ সড়কে চলাচলকারী সারবাহী ট্রাকচালক কুদ্দুস মিয়া, আজিজ ও রহিম আলী বলেন, প্রতিবছর বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (বিবিএ) বঙ্গবন্ধু সেতু রক্ষা গাইড বাঁধ হিসেবে পরিচিত ভূঞাপুর-বঙ্গবন্ধু সেতুপূর্ব সড়কের পরিবহন থেকে টোল আদায় করছে। অথচ দীর্ঘদিন যাবত্ সড়কের বেহাল অবস্থা  হলেও এর সংস্কারে উদ্যোগ নেই। বৃষ্টির সময় এই সড়কে দুর্ভোগ বেশি হয়। সড়কের মাটিকাটা বাজার, পুনর্বাসন, পাথাইলকান্দি বাজার, সিরাজকান্দি ও সেতু এলাকায় বড়ো বড়ো গর্তের সৃষ্টি হয়েছে।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (বিবিএ) বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের তত্ত্বাবধায়ক প্রকৌশলী তোফাজ্জল হোসেন জানান, বঙ্গবন্ধু সেতুপূর্ব-ভূঞাপুর-তারাকান্দি সড়কের গোবিন্দাসী সেতু পর্যন্ত সাত কিলোমিটার সড়ক গাইড বাঁধ হিসেবে পরিচিত। সড়কের এই সাত কিলোমিটার শুধু ট্রাক চলাচলে টোল ব্যবস্থা চালু করে সেতু কর্তৃপক্ষ। গত বছর এই সড়ক ৩ কোটি ৭২ লাখ টাকায় ইজারা দেওয়া হয় স্থানীয় একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে। সড়কে ওয়েডিং ও প্রশস্তকরণ বা সড়কে ওভার লেপের জন্য কয়েক ধরনের প্রাক্কলন পাঠানো হয়েছে সেতু কর্তৃপক্ষ বরাবর। 

উপজেলার মাটিকাটা গ্রামের হযরত আলী, মিজানুর রহমান, আব্দুল বাছেদসহ অনেকেই জানান, এই সড়কটি যেমন ব্যস্ততম অন্যদিকে এই সড়কে বালুবাহী ট্রাক চলাচল করায় ধুলায় একাকার হয়ে যায়। সড়কের খানাখন্দের কারণে অনেক সময় সড়কে পরিবহন নষ্ট হয়ে যায়। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বঙ্গবন্ধু সেতুর সাইট অফিসের সহকারী প্রকৌশলী আহসানুল কবির পাভেল বলেন, সড়কটি সংস্কারের জন্য কয়েকটি প্রাক্কলন তৈরি করা হয়েছে। অতিদ্রুত সংস্কার কাজ করা হবে।