দেশে প্রথমবারের মতো কোনো গবেষণা তরির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলো। চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) উদ্যোগে রাঙ্গামাটির কাপ্তাই লেকে তৈরি বিশেষায়িত এ গবেষণা তরী উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্প্রতি গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি এ গবেষণা তরি উদ্বোধন করেন।
চলতি বছরের জানুয়ারিতে পরীক্ষামূলকভাবে ‘সিভাসু গবেষণা তরি’ নামে জাহাজটি কাপ্তাই লেকে নামানো হয়। প্রায় ৩ কোটি ৮৭ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত এই গবেষণা তরীতে অত্যাধুনিক যন্ত্রপাতিসহ তিনটি ল্যাবরেটরি স্থাপন করা হয়েছে। অন্তত ১৫টি কাজ নিয়ে লেকে নামবে এই গবেষণা তরীটি। এর মধ্যে অন্যতম হলো লেকের বিভিন্ন প্রজাতির মাছের স্টক অ্যাসেসমেন্ট, মাছের অভয়াশ্রম সৃষ্টির জন্য স্থান নির্বাচন, সময়ের সঙ্গে লেকের বিভিন্ন ভৌত রাসায়নিক পরিবর্তন বিশ্লেষণ করা, বিলুপ্তপ্রায় মত্স্য প্রজাতির পুনরুদ্ধারের চেষ্টা, লেকের চাষযোগ্য সম্ভাব্য প্রজাতি বের করা, বিভিন্ন মাছের প্রজনন ক্ষেত্রের বাস্তব অবস্থা নিরূপণ, প্রজননক্ষেত্র নষ্ট হওয়ার কারণ বিশ্লেষণ ও পদক্ষেপ নেওয়া, স্থানীয় জনশক্তিকে খাচায় ও পেন কালচারের মাধ্যমে মাছ চাষে উদ্যোগী করা, ঘোনায় মাছ চাষের সুবিধা ও অসুবিধাগুলো যাচাই। ১৭ মিটার দীর্ঘ ও ৭ মিটার প্রস্থবিশিষ্ট দ্বিতল এ গবেষণা তরিটির প্রস্তুতকারী দেশ সুইডেন। সিভাসু কর্তৃপক্ষ জানায়, গবেষণা তরির মাধ্যমে বহুমুখী গবেষণা কার্যক্রম পরিচালনা করে মালয়েশিয়া তাদের কৃত্রিম হ্রদ ‘লেক কেনিয়র’-এর হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে। আর সেই তরির আদলে সিভাসুর এই গবেষণা তরিটি নির্মাণ করা হয়েছে। কাপ্তাই হ্রদের জীববৈচিত্র্য সংরক্ষণ ও এর হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার প্রয়োজনে সিভাসুর এই গবেষণা তরিটি নির্মাণ করা হয়েছে। দেশে এই ধরনের উদ্যোগ এটিই প্রথম। সিভাসুর শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন নিয়ে আসবে বলে আশা করা হচ্ছে।
