সিরাজগঞ্জে রাত জেগে পেঁয়াজ খেত পাহারা

আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৯, ২২:০৮

পেঁয়াজের মূল্যবৃদ্ধি পাওয়ায় ভালো লাভের আশায় সিরাজগঞ্জ জেলার ৯ উপজেলার কৃষকরা এ বছর রবি মৌসুমে আগাম জাতের পেঁয়াজ চাষ করছেন। ইতিমধ্যে জেলার পেঁয়াজ চাষিরা পেঁয়াজ তুলে বিক্রি শুরু করেছেন। এদিকে মূল্যবান পেঁয়াজ চুরির আশঙ্কায় কৃষকরা রাতদিন পেঁয়াজ খেত পাহারা দিচ্ছেন।

এ বিষয়ে জেলার শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের চরা চিথুলিয়া গ্রামের পেঁয়াজ চাষি রেজাউল করিম সরকার, টেক্কা সরকার, সাদ্দাম হোসেন, চাঁদ ফকির, বাদল সরকার, জয়নাল সরকার, আনিছ সরকার, ফজর সরকার জানান, সাধারণত এ এলাকার জমি থেকে পেঁয়াজ চুরি হয় না; কিন্তু এ বছর পেঁয়াজের দাম বেশি হওয়ায় ও বাজারে ব্যাপক চাহিদা থাকায় চুরির আশঙ্কা ও গরু-ছাগলের আক্রমণ থেকে পেঁয়াজ রক্ষায় তারা এ বছর অধিকাংশ পেঁয়াজের জমিতে নেট দিয়ে ঘিরে রেখেছেন। এ ছাড়া পালা করে রাতে ও দিনে পেঁয়াজ খেত পাহারা দিচ্ছেন। এ বিষয়ে শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের পেঁয়াজ চাষি আঙ্গুরি খাতুন, আবদুল গফুর ও শফি উদ্দিন বলেন, ‘খবর শুনছি, বিভিন্ন স্থানে খেত থেকে পেঁয়াজ চুরি হচ্ছে। তাই পেঁয়াজ রক্ষায় খেত পাহারা দিচ্ছি।’

তাড়াশ উপজেলার বামুনগাড়া গ্রামের পেঁয়াজ চাষি তফের আলী, নূরুল ইসলাম ও ধারাবারিষা গ্রামের কফিল উদ্দিন জানান, রাতে জমির পেঁয়াজ চুরির আশঙ্কায় তারা শঙ্কিত হয়ে পড়েছেন। ফলে তারা রাত জেগে খেত পাহারা দিচ্ছেন। যাদের জমি বাড়ি থেকে বেশ দূরে তারা দিনেও পাহারা দিচ্ছেন।

তাড়াশের নাদোসৈয়দপুর গ্রামের শারমিন খাতুন জানান, খেত থেকে একটু আড়াল হলেই পেঁয়াজ চুরির আশঙ্কা হচ্ছে। ধামাইচর গ্রামের প্রভাষক আবু হাশিম খোকন জানান, পেঁয়াজ চুরি ঠেকাতে সবাই খেত পাহারা দিচ্ছে।

সিরাজগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. রোস্তম আলী জানান, পেঁয়াজের দাম বেশি হওয়ায় সিরাজগঞ্জের অনেক চাষিও এবছর পেঁয়াজ চাষ করেছেন এবং বেশ লাভবান হবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।