ব্রাহ্মণবাড়িয়ায় মদের দোকান সিলগালা

আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৯, ২২:০৯

র্যাবের অভিযানের পর ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার হরিপুর ইউপি চেয়ারম্যান দেওয়ান আতিকুর রহমান আঁখির মালিকানাধীন একটি দেশীয় মদের দোকান বুধবার মধ্যরাতে সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় সাত জনকে বিভিন্ন মেয়াদে জেল-জরিমানা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে র্যাব-১৪-এর ভৈরব ক্যাম্প থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের ও সিনিয়র সহকারী পরিচালক চন্দন দেবনাথের নেতৃত্বে র্যাবের একটি অভিযানিক দল ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজকুমার বিশ্বাস এবং আব্দুল্লাহ আল বাকীকে সঙ্গে নিয়ে রাত সাড়ে আটটা থেকে পৌনে দুটা পর্যন্ত আনন্দবাজার এলাকায় অভিযান চালায়। এ সময় মদ ও ইয়াবা সেবনের দায়ে সাত জনকে আটক করা হয়। তাদের মধ্যে তিন জনকে তিন মাসের কারাদণ্ড ও ৩ হাজার টাকা করে জরিমানা এবং বাকি চার জনকে ১০ দিন করে কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া মদের দোকান এক মাসের জন্য সিলগালা করা হয়েছে।