বাসের গায়ে ছবি এঁকে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধের ডাক

আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৯, ২২:২০

নারীর বিরুদ্ধে চলমান সহিংসতা এখন ভয়ংকর বাস্তবতা এবং উদ্বেগের কারণ, যার আশু প্রতিকার হওয়া জরুরি। এই লক্ষ্যকে সামনে রেখে হারস্টোরি ফাউন্ডেশন ও নারীদের বাস সার্ভিস দোলনচাঁপার যৌথ উদ্যোগে এক নতুন ধরনের সচেতনতামূলক প্রচারণা শুরু হয়েছে। এটি হচ্ছে দোলনচাঁপা বাসের গায়ে লিঙ্গ সমতা এবং পারস্পরিক সম্মান নিশ্চিতকরণের লক্ষ্যে সচেতনতামূলক ছবি দৃশ্যমান করা। বাসের গায়ে আকর্ষণীয় ছবি পরিকল্পনা এবং প্রস্তুত করতে নির্বাচিত স্বল্পসংখ্যক বাংলাদেশের শিল্পীদের কাছ থেকে ডিজাইন আহ্বান করেছিল হারস্টোরি ফাউন্ডেশন। এরপর হারস্টোরি এবং দোলনচাঁপার একটি যৌথ নির্বাচক কমিটি ডিজাইনগুলো থেকে সেরা ছবি বাছাই ও পুরস্কৃত করে। এতে অন্তরা মেহ্রুখ আজাদ বিজয়ী হন। তিনি তার ছবিতে নারী-পুরুষ দুইয়ের জন্যই পারস্পরিক শ্রদ্ধাবোধ, নিরাপত্তা বিষয়ক বার্তা ফুটিয়ে তুলেছেন।

এ প্রসঙ্গে ইউএন ওমেন বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ শোকো ইশিকাওয়া গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছেন, ‘গণপরিবহনে নারীর নিরাপত্তা বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ নিরাপদে স্বাধীন চলাচল তার অধিকার। বাসে এমন সৃজনশীল শিল্পকর্মসহ প্রচারণা দেখে অন্যরাও নারীর বিরুদ্ধে সহিংসতায় নীরব না থেকে এগিয়ে আসবে।’

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নারী নির্যাতন প্রতিরোধকল্পে মালটিসেক্টরাল প্রোগ্রামের প্রকল্প পরিচালক ড. আবুল হোসেন বলেন, ‘পরিবহনে নারী ও শিশুর নিরাপত্তায় সরকার বদ্ধপরিকর, প্রয়োজনে যে কোনো সময়ে ন্যাশনাল টোল ফ্রি হেল্পলাইন ১০৯ এ ফোন করুন।’ দোলনচাঁপা মহিলা বাস সার্ভিসটি চালু করেছেন র্যাংগস মোটরস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর সোহানা রউফ চৌধুরী। তিনি বলেছেন, ‘নারীর প্রতি সহিংসতা রোধে এই ক্যাম্পেইন আশা করি মানুষের কাছে সঠিক বার্তা পৌঁছে দেবে। যার মাধ্যমে সমাজের সব স্তরের নারী নীরবতা ভেঙে তাদের অধিকার প্রতিষ্ঠা করতে পারবেন।’ 

প্রসঙ্গত, নারীর বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধে প্রতিবছরের মতো ১৬ দিনব্যাপী আন্তর্জাতিক কর্মসূচির অংশ হিসেবে ঢাকায় এই ক্যাম্পেইন শুরু হয়েছে। ‘একতায় প্রতিরোধ, সমতায় নিরাপদ’ এই শ্লোগান কে সামনে রেখেই কর্মসূচি পরিচালিত হচ্ছে। এ প্রসঙ্গে হারস্টোরি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জেরিন মাহমুদ হোসেইন বলেছেন, ‘নারী নির্যাতনের বিরুদ্ধে আমরা সব সময় শক্ত অবস্থানে রয়েছি।’—সংবাদ বিজ্ঞপ্তি