দেশের জনসম্পদের দক্ষতা সৃষ্টিতে ব্যাপক কার্যক্রমের অংশ হিসেবে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ) নিরবচ্ছিন্ন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে প্রশিক্ষণ সংস্থাগুলোকে নিবন্ধন প্রদান করছে, যা একটি বড়ো অগ্রগতি। এনএসডিএ কর্তৃক দেশে সব পর্যায়ে দক্ষতা উন্নয়ন সমন্বয়, গুণমান নিশ্চিত ও সনদায়নের এটি প্রথম ধাপ। প্রধানমন্ত্রীর কার্যালয়ের আওতাধীন এনএসডিএ বৃহস্পতিবার এক অনুষ্ঠানে প্রথমবারের মতো চারটি দক্ষতা প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠানকে নিবন্ধন প্রদান করেছে।
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (বিকেটিটিসি), বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক), শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এবং ইউসেপ মিরপুর টেকনিক্যাল স্কুলকে নিবন্ধন সনদপত্র হস্তান্তর করেন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিল্পসচিব মো. আবদুল হালিম এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব মো. সেলিম রেজা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনএসডিএর নির্বাহী চেয়ারম্যান (সচিব) মো. ফারুক হোসেন। উল্লেখ্য, মোট ১০৯টি প্রশিক্ষণ প্রতিষ্ঠান এনএসডিএতে নিবন্ধনের জন্য আবেদন করেছে যা এখন যাচাই-বাছাই চলছে।
