সাভারে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে পরিবেশ অধিদপ্তর পৌর এলাকার গেন্ডা মহল্লায় এ অভিযান পরিচালনা করে। এ সময় কৃষি জমির পাশে এবং নদীর তীরবর্তী এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা পাঁচটি ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়। এছাড়া এসব ইটভাটার পরবর্তী কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়ে পাঁচটি ভাটাকে বিভিন্ন অনিয়মের অভিযোগে ২৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
অর্থদণ্ডপ্রাপ্ত ইটভাটার মধ্যে মেসার্স চাঁন মিয়া ব্রিকসকে ৩ লাখ টাকা, তিশা ব্রিকসকে ৫ লাখ টাকা, মেসার্স মধুমতি সুপার ব্রিকসকে ৫ লাখ টাকা, মেসার্স মাসুম সুপার ব্রিকসকে ৫ লাখ টাকা এবং কর্ণফুলি ব্রিকসকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়। এর মধ্যে মেসার্স মধুমতি ব্রিকসে অভিযান চালানোর সময় বিভিন্নভাবে নিজেদের প্রভাব দেখিয়ে অভিযানকে বাধাগ্রস্ত করার চেষ্টা করেন ঐ ইটভাটার শ্রমিক-কর্মচারীরা।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাকসুদুল ইসলাম বলেন, দেশব্যাপী অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের চলমান অভিযানের অংশ হিসেবে সাভারে ৫টি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। পরিবেশ অধিদপ্তরের মনিটরিং টিম নিয়মিত বিভিন্ন ইটভাটা পরিদর্শন করছে। পরিদর্শনের সময় কোনো ইটভাটায় অনিয়ম পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আরো কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অভিযানকালে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিফুল আলম, মাহাবুবুর রহমান, উপপরিচালক শাহেদা বেগম, পরিদর্শক জেসমিন আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়া অভিযান চলাকালে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তার জন্য র্যাব ও পুলিশের বিপুলসংখ্যক সদস্য মোতায়েন ছিলেন।
