মানিকগঞ্জের হরিরামপুরে মালবাহী ট্রলারের ধাক্কায় অপর একটি ট্রলার ডুবির ঘটনায় রনি বিশ্বাস (২৬) নামে এক সাবেক ছাত্রলীগ নেতা নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুদ হোসেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে বয়ড়া ইউনিয়ন পরিষদের সামনে পদ্মা নদীতে এই ঘটনা ঘটে। এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত রনির সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ রনি হরিরামপুর উপজেলা ছাত্রলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক ও চালা ইউনিয়নের হাসমেলান গ্রামের কাদের বিশ্বাসের ছেলে। তিনি সরকারি দেবেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের ছাত্র ছিলেন।
পুলিশ জানায়, সকালে রনি ৮/১০ জন বন্ধুর সঙ্গে ট্রলারে করে ঘুরতে বের হন। সকাল সাড়ে ১০টার দিকে তাদের ট্রলারটিকে অপর একটি মালবাহী ট্রলার ধাক্কা দিলে ট্রলারটি ডুবে যায়। এ সময় বন্ধুরা সকলে সাঁতরে পাড়ে উঠে গেলেও রনিকে খুঁজে পাওয়া যায়নি।
হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুঈদ চৌধুরী জানান, ট্রলার ডুবির স্থানের আশপাশে অন্তত চার-পাঁচ কিলোমিটার এলাকায় রনিকে খোঁজা হয়েছে। তবে তার সন্ধান পাওয়া যায়নি।
