ঋণের ভার সইতে না পেরে গৃহবধূর আত্মহত্যা

আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৯, ০০:১১

সিরাজদিখানে চার সন্তানের জননী শাহনাজ বেগম (৫২) ঋণের টাকা পরিশোধ করতে না পেরে ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার দিবাগত গভীর রাতে উপজেলার পশ্চিম ইছাপুরা গ্রামে এ ঘটনা ঘটে। শাহনাজ উপজেলার পশ্চিম ইছাপুরা (চালতাতলা) গ্রামের ফজল হাওলাদারের মেয়ে ও একই গ্রামের নুর মোহাম্মদের স্ত্রী।

জানা যায়, শাহনাজ বেগম দীর্ঘদিন যাবত্ আর্থিক সংকটে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। বিভিন্ন এনজিও এবং স্থানীয়দের কাছ থেকে ঋণ নিয়ে পরিশোধ করতে পারছিলেন না তিনি।

বুধবার ভোরে শাহনাজের মেয়ে সোহা আক্তার (১৩) ঘুম থেকে উঠে দেখে টিনের বসত ঘরের বারান্দায় তার মায়ের লাশ ঝুলে আছে। এ দৃশ্য দেখে চিত্কার দিলে স্থানীয় এক চৌকিদার এসে লাশ নামিয়ে থানায় খবর দেন।

সিরাজদিখান থানার ওসি মো. ফরিদ উদ্দিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঋণের কারণেই তিনি আত্মহত্যা করেছেন। কোনো অভিযোগ না থাকায় ইউপি সদস্যের মাধ্যমে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।