আশুলিয়ায় পাঁচতলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৯, ০০:১২

বৃহস্পতিবার সকালে আশুলিয়ার কুরগাঁও এলাকায় মো. সাহাবুদ্দিন নামে এক ব্যক্তির নির্মাণাধীন একটি ভবনের পাঁচতলা থেকে পড়ে আল আমিন (১৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি নীলফামারীর জলঢাকা থানার পূর্ব শিমুলবাড়ী গ্রামের মো. আহিনূরের ছেলে।

পুলিশ ও নিহতের সহকর্মীরা জানায়, গতকাল সকালে নির্মাণাধীন ঐ ভবনে কাজ করতে যান আল-আমিনসহ কয়েকজন শ্রমিক। এ সময় আল-আমিন ভবনের পঞ্চম তলায় ছাদের কিনারে দাঁড়িয়ে নিচ থেকে রড টেনে তুলছিলেন। এ সময় পা পিছলে তিনি নিচে পড়ে যান। পড়ার সময় বিদ্যুত্ সঞ্চালন লাইনে বাড়ি খান তিনি। গুরুতর আহত অবস্থায় তাকে নিকটস্থ গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক মো. বদরুজ্জামান বলেন, নিহতের মরদেহ থানায় আনা হয়েছে। নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হবে।