সাভারে একটি গবাদি পশুর নকল ওষুধ তৈরির কারখানায় অভিযান চালিয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ সময় কারখানাটির মালিকসহ দুই জনকে ছয় মাসের কারাদণ্ড এবং কারখানাটি সিলগালা করা হয়, পুড়িয়ে ধ্বংস করা হয় বেশ কিছু নকল ওষুধ। গতকাল বৃহস্পতিবার বিকালে সাভার পৌর এলাকার উত্তর জামসিং মহল্লার এফ এস এগ্রোভেট ইন্ডাস্ট্রিজ কারখানায় এ অভিযান চালায় র্যাব-৪ এর ভ্রাম্যমাণ আদালত।
র্যাব-৪ জানায়, প্রায় এক মাস ধরে উত্তর জামসিং এলাকায় একটি টিনশেড বাড়ি ভাড়া নিয়ে অবৈধভাবে গরু, ছাগল, হাঁস, মুরগির নকল ওষুধ তৈরি করে বাজারে বিক্রি করে আসছিল আশাদুল ইসলাম টিংকু নামে এক ব্যক্তি। বিষয়টি গোপন সূত্রে জেনে গতকাল বিকালে র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমানের নেতৃত্বে ঐ কারখানায় অভিযান চালায় র্যাব। অবৈধভাবে নকল করে গবাদি পশুর ওষুধ তৈরি ও বিক্রি করার অভিযোগে কারখানাটির মালিক আশাদুল ইসলাম টিংকু ও কর্মচারী মশিউর রহমানকে ছয় মাস করে কারাদণ্ড ও কারখানাটি সিলগালা করে দেওয়া হয় এবং নকল ওষুধ ধ্বংস করা হয়। কারখানার মালিক আশাদুল ইসলাম সাতক্ষীরার কলারোয়া থানার মৃত একরাম সরদারের ছেলে। শ্রমিক মশিউর রহমান মুন্সীগঞ্জের লৌহজং থানার কলমা গ্রামের মতিউর রহমানের ছেলে। অভিযানকালে উপস্থিত ছিলেন র্যাব-৪ এর কোম্পানি কমান্ডার মেজর শিবলী মোস্তফা, সাভার উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ফজলে রাব্বী প্রমুখ।
