আওয়ামী লীগের জাতীয় সম্মেলন উপলক্ষ্যে ওয়েব পেজ উদ্বোধন

পেট্রোল বোমার পথ বেছে নিলে জনগণ বিএনপিকে প্রতিহত করবে : তথ্যমন্ত্রী

আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৯, ০০:২৮

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় হাইকোর্টে খালেদা জিয়ার রায়ের সময় বিএনপি হট্টগোল করে আদালত অবমাননা করেছে। এ রায়কে কেন্দ্র করে তারা আবারও পেট্রোল বোমা নিক্ষেপ, ভাঙচুরের পথ বেছে নিলে জনগণ তা প্রতিরোধ করবে। গতকাল বৃহস্পতিবার আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের ওয়েবসাইট উদ্বোধন করে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। এর আগে তথ্যমন্ত্রী আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলন উপলক্ষ্যে একটি ওয়েব পেজ উদ্বোধন করেছেন।

ওয়েব পেজে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংগ্রামী জীবনের তথ্যসহ আওয়ামী লীগের সাংগঠনিক কর্মকাণ্ড দেখা যাবে। এছাড়া বঙ্গবন্ধু সম্পর্কে আন্তর্জাতিক নেতাদের মন্তব্য ওয়েব পেজে সংরক্ষিত থাকবে। আওয়ামী লীগের সম্মেলনের কর্মকাণ্ডও ওয়েব পেজে দেখা যাবে।

তথ্যমন্ত্রী বলেন, আজকের আধুনিক বাংলাদেশের রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আওয়ামী লীগকে আধুনিকরূপে গড়ে তুলেছেন। প্রধানমন্ত্রী মানুষকে স্বপ্ন দেখান এবং তা বাস্তবায়ন করেন। শেখ হাসিনার নেতৃত্বে অদম্য গতিতে দেশ এগিয়ে চলেছে।

এ সময় তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান, আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, প্রচার উপ-কমিটির সদস্য শেখ তন্ময়, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট বলরাম পোদ্দার, আখতার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।