টেকনাফে সৈকতে বর্জ্যের স্তূপ!

আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৯, ২১:০৮

কক্সবাজারের টেকনাফ শামলাপুর সৈকতে বাজারের বর্জ্য প্রতিনিয়ত সৈকতে স্তূপ করে রাখা হচ্ছে। বাজার কমিটি এবং স্থানীয় ইউনিয়ন পরিষদের খামখেয়ালিপনায় শামলাপুর সৈকত দিন দিন ময়লা-আবর্জনায় পরিণত হচ্ছে। এতে খুব বেশি দুর্গন্ধ ছড়াচ্ছে। সৈকতে আসা লোকজনের মারাত্মক ক্ষতি হচ্ছে। পরিবেশ দূষণের পাশাপাশি শামলাপুর সৈকত নিজস্ব সৌন্দর্যও হারাতে বসেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, শামলাপুর বাজারে প্রায় ৫ শতাধিক দোকান রয়েছে। এসব দোকানের বর্জ্য ইউনিয়ন পরিষদ কর্তৃক প্রদত্ত লোকজন প্রতিদিন সৈকতে ফেলছেন। বাজারের বর্জ্য সৈকতে স্তূপ করায় জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। সচেতন মহল, সৈকতে আবর্জনা ফেলে পরিবেশ দূষণ করায় স্থানীয় ইউনিয়ন পরিষদ এবং বাজার কমিটিকে দায়ী করেছেন। এদিকে শামলাপুর ছাত্র ঐক্য ফোরামসহ স্থানীয় সচেতন মহল বাজার কমিটি কর্তৃক যথাযথ বর্জ্য ব্যবস্থাপনার দাবি জানিয়েছেন।

জানা গেছে, স্থানীয় উন্নয়নকর্মী আলমগীর সৈকত রক্ষায় বাজারের বর্জ্য বাজারে রাখার দাবি জানিয়েছেন। শামলাপুর ছাত্র ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক উন্নয়নকর্মী জালাল উদ্দিন জানান, বাজারের বর্জ্য সৈকতে ফেলে ডাস্টবিন তৈরি করা খুবই দুঃখজনক। এতে পরিবেশ দূষণ হয়ে দুর্গন্ধে পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটছে। তিনি পরিবেশ রক্ষায় সৈকতে আবর্জনা না ফেলতে বাজার সংশ্লিষ্ট এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

বাহারছড়া শামলাপুর বাজার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির সভাপতি ও শামলাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার এম এ মনজুর জানান, আসলে জায়গা সংকটের কারণে বাজারের ময়লা-আবর্জনা সৈকতে রাখা হচ্ছে। বিচ কর্মী না থাকায় এখানকার সৈকত নিয়মিত অপরিষ্কার-অপরিচ্ছন্ন থাকে। তিনি বাহারছড়া সৈকতটি বিচ ম্যানেজম্যান্ট কমিটির আওতায় নিয়ে আসার দাবি জানান। পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক নূরুল আমিন জানান, আসলে স্থানীয় ইউনিয়ন পরিষদের দায়িত্ব হচ্ছে বাজারের বর্জ্য ব্যবস্থপনা নিশ্চিত করা। সৈকতে বাজারের বর্জ্য ফেলা খুবই গর্হিত কাজ। তিনি এ বিষয়ে ইউনিয়ন পরিষদকে নোটিশ করবেন জানিয়ে বলেন, এ ঘটনায়  জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিবেন।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, সৈকতে আবর্জনা ফেলা খুবই অপরাধ। বাজারের বর্জ্য বাজার কমিটি এবং ইউনিয়ন পরিষদই ব্যবস্থাপনা করবেন। তিনি বিষয়টি খোঁজ নিয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নবেন বলে জানান।