চট্টগ্রামের সল্টগোলায় সিলিন্ডার বিস্ফোরণে সাত শ্রমিক দগ্ধ

আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৯, ২১:২৮

মহানগরীর ইপিজেড থানা এলাকায় জাহাজ নির্মাতা প্রতিষ্ঠান ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেডের একটি ওয়ার্কশপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে সাত শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক। গত বৃহস্পতিবার দিবাগত রাত ১১টা ১০ মিনিটে মহানগরীর সল্টগোলা ক্রসিং মোড়ে অবস্থিত ওয়ার্কশপটিতে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে দগ্ধ শ্রমিকদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইপিজেড ফায়ার স্টেশন থেকে জানানো হয়, এই গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহতরা হলেন ওসমান গনি (৩৫), নুর আলম (৩৫), এনায়েত (৩০), রাজীব দাশ (৩৫), নোমান (২৫), রিফাত (২৪) ও রাকিব (১৮)। তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। ফায়ার সার্ভিসের দু’টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ি সূত্র জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে দগ্ধ অবস্থায় সাত জনকে হাসপাতালে আনা হয়। এদের মধ্যে তিন জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকায় পাঠানো হয়েছে।