‘বিশ্ব মৃত্তিকা দিবস’ পালন করেছে সিলেট মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট। গত বৃহস্পতিবার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল র্যালি, আলোচনা সভা ও কৃষকদের সঙ্গে মতবিনিময়। দুপুরে দক্ষিণ সুরমার অফিস প্রাঙ্গণ থেকে কৃষক ও কৃষি কর্মকর্তা ও বৈজ্ঞানিক কর্মকর্তাদের নিয়ে র্যালি বের হয়। দুপুরে হল রুমে এক আলোচনা সভা শেষে সিলেট অঞ্চলের কৃষকদের সঙ্গে কৃষি কর্মকর্তাদের মতবিনিময় অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন এসআরডিআই সিলেটের বৈজ্ঞনিক কর্মকর্তা ড. মো. এনায়েত্ উল্লা। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেটের কৃষি সম্প্রসারণ বিভাগের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো. শাহজাহান বলেন, ভালো ফলনের জন্য মাটি পরীক্ষা একান্ত প্রয়োজন। একই সঙ্গে তিনি ভালো বীজের ওপরও গুরুত্বারোপ করে বলেন, নতুবা ফলন আশানুরূপ হবে না। তিনি জৈব সার ব্যবহারের জন্য কৃষকদের আহ্বান জানান। বক্তারা বলেন, শুধু ইউরিয়া সারের ওপর নির্ভর না করে জৈব সারসহ অন্যান্য সারের ব্যবহার নিশ্চিত করতে হবে। সিলেটে বেশির ভাগ অম্ল মাটি—তাই মাটি পরীক্ষা করা জরুরি।
