নানা আয়োজনে সুনামগঞ্জ মুক্ত দিবস উদ্যাপিত

আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৯, ২১:২৯

১৯৭১ সালের ৬ ডিসেম্বর সুনামগঞ্জ শহর পাকিস্তানি হানাদার বাহিনীর কবল থেকে মুক্ত হয়েছিল। দিনটি উদযাপন উপলক্ষ্যে সুনামগঞ্জে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

শোভাযাত্রা শুরু হওয়ার আগে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ। শুক্রবার সকাল ১০টায় জেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহিদ মিনার গিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়। শোভাযাত্রা শেষে শহিদ আবুল হোসেন মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন—জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, পৌরসভার মেয়র নাদের বখতসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতাকর্মীরা। এছাড়া দিনটি পালন উপলক্ষ্যে মুক্তিযোদ্ধাদের জন্য শহিদ আবুল হোসেন মিলনায়তনে আয়োজন করা হয় ফ্রি চিকিত্সা ক্যাম্প। এছাড়া সুনামগঞ্জ মুক্ত দিবস উপলক্ষ্যে বিভিন্ন  সামাজিক ও রাজনৈতিক সংগঠনের দিনব্যাপী নানা কর্মসূচি রয়েছে।