গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, আমাদের সব সম্প্রদায়ের মানুষ মিলেমিশে না থাকলে মানবতা বিপন্ন হয়ে যাবে। বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয় এমন কোনো কাজ কারো করা উচিত নয়। গতকাল শুক্রবার দুপুরে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ পিরোজপুর জেলার দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, বাংলাদেশের মুক্তির জন্য উন্নত বাংলাদেশ গড়তে আমাদের মাঝে শেখ হাসিনাকে পেয়েছি। শেখ হাসিনা একজন অসাম্প্রদায়িক মানুষ। তার আমলে সব ধর্মের মানুষ সমান অধিকার নিয়ে নিজ নিজ ধর্ম পালন করছেন। বাংলাদেশে কোনো সংখ্যালঘু, সংখ্যাগুরু বলতে পরিচয় থাকতে পারে না। একটাই পরিচয় আমরা সবাই বাঙালি।
এই বাংলাদেশের মানুষ হিসেবে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সব সম্প্রদায়ের লোকই মিলেমিশে উন্নত দেশ গড়ে তুলতে হবে। পিরোজপুর জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি বিমল মন্ডলের সভাপতিত্বে শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনে আরো বক্তব্য রাখেন মহিলা সংসদ সদস্য শেখ এ্যানী রহমান, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ কেন্দ্রীয় সভাপতি মিলন কান্তি দত্ত, সাধারণ সম্পাদক নির্মল কুমার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ হাকিম হাওলাদার, পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান প্রমুখ।
