ঘাটাইলে এক স্কুলছাত্রীকে অপহরণের চেষ্টার ঘটনায় ইউপি চেয়ারম্যানের ছেলেসহ তিন জনকে আসামি করে মামলা হয়েছে।
স্কুলছাত্রীর মা বাদী হয়ে বৃহস্পতিবার রাতে ঘাটাইল থানায় অপহরণ মামলাটি দায়ের করেন। আসামিরা হচ্ছে:সাগরদীঘি ইউপি চেয়ারম্যান হেকমত সিকদারের ছেলে আপন, বেতুয়াপাড়া গ্রামের কামাল হোসেনের ছেলে ফিরোজ ও উজ্জল ড্রাইভারের ছেলে ইমন।
জানা যায়, বৃহস্পতিবার দুপুরে মেয়েটি বিদ্যালয়ে পরীক্ষা দিতে যাচ্ছিল। স্থানীয় বিট অফিসের সামনে সেগুন বাগানের কাছে গেলে আপন তার বন্ধুদের নিয়ে মেয়েটির পথ রোধ করে। মেয়েটি দৌড়ে স্কুল গেটের কাছে গেলে আপনসহ কয়েকজন জোর করে তাকে একটি প্রাইভেট কারে তুলে নেয়। এ সময় তার চিত্কারে শিক্ষকসহ স্থানীয়রা গিয়ে উদ্ধার করে। এর ফাঁকে অপহরণকারীরা পালিয়ে যায়।
ঘটনার সত্যতা স্বীকার করে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাকছুদুল আলম জানান, স্কুলছাত্রীকে অপহরণের চেষ্টার ঘটনায় বৃহস্পতিবার রাতে তিন জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
