সৌরভ গাঙ্গুলি বোর্ড অব কনট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) দায়িত্ব নেওয়ার পর থেকেই যেন দিবারাত্রীর টেস্ট নিয়ে উঠেপড়ে লেগেছে ভারত। আর এবার তারা পাশে পাচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়াকে (সিএ)।
২০২০ সালের নভেম্বরে দেশের মাটিতে ভারতকে টেস্ট সিরিজে আথিয়েতা দিবে স্বাগতিক অস্ট্রেলিয়া। ঐ চার ম্যাচের সিরিজে দুটি দিবারাত্রির টেস্ট খেলতে চায় অজিরা। বিসিসিআইয়ের সঙ্গে এ ব্যাপারে আলোচনা করছে সিএ।
গেল মাসে প্রথমবারের মতো দিবারাত্রির টেস্ট খেলতে নামে ভারত। কলকাতার ইডেন গার্ডেন্সে বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ছিল সেটি। প্রথমবারের মতো দিবারাত্রির টেস্ট খেলতে নেমে ইনিংস ও ৪৬ রানের বড়ো ব্যবধানে জিতে বিরাট কোহলির দল।
তবে ভারতের চেয়ে দিবারাত্রির টেস্টে অভিজ্ঞতার দিক দিয়ে অনেক বেশি এগিয়ে অস্ট্রেলিয়া। এরই মধ্যে ছয়টি দিবারাত্রির টেস্ট খেলেছে অসিরা। সবগুলোই দেশের মাটিতে। জিতেছেও সবগুলো। চলতি বছর আরো একটি দিবারাত্রির ম্যাচ রয়েছে অস্ট্রেলিয়ার। তাই গোলাপি বলের টেস্টে ভারতের চেয়ে বেশ এগিয়ে অজিরা।
এটিপি সূচি অনুযায়ী ২০২০ সালের নভেম্বরে দেশের মাটিতে ভারতের বিপক্ষে চারটি টেস্ট খেলবে অস্ট্রেলিয়া। তার আগে আগামী জানুয়ারিতে অস্ট্রেলিয়ার মাটিতে তিন ম্যাচের ওয়ানডে খেলবে ভারত। ঐ সিরিজেই বিসিসিআইকে দুটি দিবারাত্রির টেস্টের অনুরোধ করবেন সিএ প্রতিনিধি দলের সভাপতি আর্ল এডিংস ।
ক্রিকইনফোকে এডিংস বলেন, ‘প্রথম দিবারাত্রির টেস্টে ভারত ভালো খেলেছে এবং জিতেছেও। দিবারাত্রির টেস্ট নিয়ে তারা ভালো ধারণা পেয়েছে। তাই হয়তো, তারা দিবারাত্রির টেস্ট খেলার জন্য চিন্তাভাবনা করছেও। আমাদের সঙ্গে পরের টেস্ট সিরিজে দুটি দিবারাত্রির ম্যাচের জন্য বিসিসিআইর সঙ্গে আলোচনা করা হবে। জানুয়ারিতে ওয়ানডে সিরিজ চলাকালে বিসিসিআইর সঙ্গে এ বিষয়ে আলোচনা করা হবে।’
যদি ঐ সিরিজে দুটি দিবারাত্রির টেস্ট খেলতে রাজি হয় ভারত, তবে প্রথমবারের মতো কোন টেস্ট সিরিজে দুটি গোলাপি বলের ম্যাচ অনুষ্ঠিত হবে। এদিকে বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি দলের প্রতিটি সিরিজে অন্তত একটি দিবারাত্রির টেস্ট খেলার আগ্রহ প্রকাশ করেছেন।
