সিডনির কাছাকাছি দাবানল

আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৯, ২১:৫৯

অস্ট্রেলিয়ায় ভয়াবহ দাবানলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। নিউ সাউথ ওয়েলসে দাবানল নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। দাবানল এখন সিডনিতেও ছড়িয়ে পড়ছে। অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের প্রায় ১০০টি জায়গায় জ্বলছে দাবানল। এতে ঝুঁকিতে রয়েছে রাজধানী সিডনি ও এর আশপাশের এলাকা। স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যা থেকে আগুন আরো তীব্র আকার ধারণ করে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে প্রায় ২ হাজার দমকলকর্মী।

গত অক্টোবর থেকে দাবানল শুরু হয়। এতে এখন পর্যন্ত ছয় জন নিহত হয়েছে। পুড়ে গেছে ৬০০-এরও বেশি বাড়িঘর। এরইমধ্যে নিউ সাউথ ওয়েলসের প্রায় ১৬ লাখ হেক্টর ভূমি পুড়ে গেছে। এছাড়া আগুন জ্বলছে কুইন্সল্যান্ড, ভিক্টোরিয়া, সাউথ অস্ট্রেলিয়া, ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ও তাসমানিয়াতে। গসপার্স মাউন্টেনে আগুন বিপজ্জনক অবস্থায় থাকায় ওই অঞ্চল থেকে স্থানীয় বাসিন্দাদের দ্রুত সরে যাওয়ার পরামর্শ দিয়েছে নিউ সাউথ ওয়েলস রুরাল ফায়ার সার্ভিস (আরএফএস)।