জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, ’৯০ সালের আগে ও পরে যারাই রাষ্ট্র ক্ষমতায় এসেছে তাদের সবাইকেই স্বৈরাচার নামে অভিহিত করা হয়েছে। বর্তমান সংবিধান অনুযায়ী প্রকৃত গণতন্ত্রের স্বাদ গ্রহণ করা সম্ভব নয়। এই সংবিধান অনুযায়ী সম্পূর্ণ গণতান্ত্রিক চর্চা আমরা করতে পারছি না।’ গতকাল শুক্রবার জাপা চেয়ারম্যান তার বনানী কার্যালয়ে ‘সংবিধান সংরক্ষণ দিবস’ উপলক্ষ্যে ঢাকা মহানগর উত্তর জাপা আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। উল্লেখ্য, ৬ ডিসেম্বর দিনটিকে অন্যরা ‘গণতন্ত্র মুক্তি দিবস’ হিসেবে পালন করলেও জাপা এটিকে ‘সংবিধান সংরক্ষণ দিবস’ হিসেবে পালন করে।
আলোচনা সভায় জি এম কাদের বলেন, বর্তমান সংবিধান অনুযায়ী সরকারপ্রধান সব কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু থাকেন। এই কারণে আমাদের দেশে প্রকৃত গণতান্ত্রিক ধারা অর্জিত হচ্ছে না। আর এ কারণেই আগেপিছে যারা রাষ্ট্র পরিচালনা করেছেন তাদের সবাইকে স্বৈরাচার বলা হয়েছে। কিন্তু সবাই মিলে দোষ দিয়েছেন শুধু একজনকে, তিনি হচ্ছে হুসেইন মুহম্মদ এরশাদ। এই অপবাদ দিয়েই এরশাদ ও জাপার ওপর চরম অন্যায়-অবিচার করা হয়েছে।
ঢাকা মহানগর উত্তর জাপার সভাপতি এস এম ফয়সাল চিশতীর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাপা মহাসচিব মসিউর রহমান রাঙ্গা, দলের প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, সৈয়দ আবু হোসেন বাবলা, নূর-ই-হাসনা লিলি চৌধুরী, মীর আব্দুস সবুর আসুদ, হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভুঁইয়া প্রমুখ।
