আওয়ামী লীগের স্থানীয় সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের এক সভা আগামী সোমবার সন্ধ্যা ৭টায় গণভবনে অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।
সূত্র জানায়, আগামী ১৩ জানুয়ারি অনুষ্ঠিতব্য চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী চূড়ান্ত করা হবে বৈঠকে। এর আগে মনোনয়নপ্রত্যাশীদের মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহের আহ্বান জানানো হয়। ৫, ৬ ও ৭ ডিসেম্বর বেলা ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ধানমন্ডির আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে আবেদনপত্র সংগ্রহ এবং ৭ ডিসেম্বর বিকাল ৫টার মধ্যে মনোনয়নের আবেদনপত্র জমা দিতে হবে।
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) একাংশের সভাপতি মইন উদ্দীন খান বাদল গত ৭ নভেম্বর মারা যাওয়ায় আসনটি শূন্য হয়। নির্বাচন কমিশন ঘোষিত তপশিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়া যাবে ১২ ডিসেম্বর পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই হবে ১৫ ডিসেম্বর এবং প্রত্যাহারের শেষ সময় ২২ ডিসেম্বর। আগামী ১৩ জানুয়ারি নির্বাচনে ভোট গ্রহণ হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)।
