দুই জেলেকে ফেরত দিয়েছে বিএসএফ

আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৯, ২২:১৫

রাজশাহীর গোদাগাড়ী সীমান্তের পদ্মা নদী থেকে ধরে নিয়ে যাওয়া দুই জেলেকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে পতাকা বৈঠকের মাধ্যমে শুক্রবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে তাদের ফেরত দেওয়া হয়। এর আগে বৃহস্পতিবার বেলা তিনটার দিকে জেলার গোদাগাড়ী উপজেলার ফরাদপুর গ্রামের বিপরীতে পদ্মা নদীর নির্মল চর সীমান্ত থেকে দুই জেলেকে ধরে নিয়ে যাওয়া হয়। এ দুই জেলে হলেন: গোদাগাড়ীর কাঁঠালবাড়িয়া গ্রামের আবু বক্করের ছেলে আবদুর রহিম (৫৬) এবং মোশাররফ হোসেনের ছেলে ওমর আলী (৩২)। প্রেমতলী বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার হাবিলদার ফরিদ হোসেন ও ভারতের টিকনার চর বিএসএফ ক্যাম্পের কমান্ডার রাম কুমার এই পতাকা বৈঠকের নেতৃত্ব প্রদান করেন। এ সময় মাটিকাটা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড সদস্য রুহুল আমিন নয়ন উপস্থিত ছিলেন। বিজিবির রাজশাহীর ১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফেরদৌস জিয়াউদ্দিন মাহমুদ জানান, দুই জেলেকে ধরে নিয়ে যাওয়ার খবর পেয়ে বৃহস্পতিবারই তারা পতাকা বৈঠকের মাধ্যমে জেলেদের ফেরত দেওয়ার জন্য বিএসএফকে অনুরোধ করেন। তাদের আহ্বানে সাড়া দিয়ে বিএসএফ পতাকা বৈঠকে সম্মত হয়। শুক্রবার বিকালে নির্মল চর সীমান্তে ৪৭ পিলারের কাছে বিজিবি-বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সন্ধ্যায় জেলেদের ফেরত দেওয়া হয় বলেও জানান ১ বিজিবির এই শীর্ষ কর্মকর্তা।