ফ্রান্সে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁর বিতর্কিত পেনশন ভাতা সংস্কারের বিরুদ্ধে ডাকা দেশব্যাপী ধর্মঘট গতকাল শুক্রবার দ্বিতীয় দিনের মতো পালিত হয়েছে। গোটা দেশকে অচল করে দিয়েছে এই ধর্মঘট। রেলওয়ে কর্তৃপক্ষ এসএনসিএফ ৯০ ভাগ ট্রেন বন্ধ করে দিয়েছে। এয়ার ফ্রান্সও দেশের মধ্যকার ৩০ শতাংশ ফ্লাইট বাতিল করেছে। এর আগের দিন বৃহস্পতিবার ধর্মঘটের পাশাপাশি ব্যাপক বিক্ষোভও হয়। খবর ডেইলি মেইলের
কট্টরপন্থি ওভেরি ইউনিয়নের প্রধান ওয়াইভেস ভেইরিয়ার বলেন, সরকার দাবি না মানলে অন্তত সোমবার পর্যন্ত ধর্মঘট অব্যাহত থাকবে। দ্রুত গতির প্রায় সব ট্রেন সার্ভিসই বাতিল করা হয়েছে, প্রায় সবগুলো মেট্রো স্টেশনই বন্ধ রয়েছে। এছাড়া রাষ্ট্রীয় এয়ার লাইন্স এয়ার ফ্রান্সও তার ৩০ ভাগ অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করেছে । আগামী মঙ্গলবার আবার বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে। ধর্মঘটের কারণে জাতীয় পত্রিকাগুলো শুক্রবার তাদের প্রিন্ট সংস্করণ প্রকাশ করতে পারেনি। সিজিটি ইউনিয়ন জানিয়েছে, আটটি তেল শোধানাগারের মধ্যে সাতটির শ্রমিকরাই ধর্মঘট পালন করেছেন। ফলে ধর্মঘট অব্যাহত থাকলে তেলের সংকট দেখা দিতে পারে। বৃহস্পতিবার ধর্মঘট শুরু হয়। অবসর ভাতা ঢেলে সাজালে লাখ লাখ লোক দীর্ঘ সময় ধরে কাজ করতে বাধ্য হবে কিংবা কোনো লাভজনক ভাতা পাবে না। সেই কারণেই ধর্মঘট শুরু হয় এবং দেশের বেশিরভাগ এলাকাই স্থবির হয়ে পড়ে।
