খালেদা জিয়ার জামিনের বিষয়টি সম্পূর্ণ আদালতের এখতিয়ার :নাসিম

আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৯, ২৩:৫৪

আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, বেগম খালেদা জিয়ার জামিনের বিষয়টি সম্পূর্ণ নির্ভর করে আদালতের ওপর। দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে বিচারাধীন মামলায় সরকারের হস্তক্ষেপের প্রশ্নই ওঠে না। 

ঢাকা থেকে সিরাজগঞ্জ আসার পথে গতকাল শুক্রবার সন্ধ্যায় বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ের মুলিবাড়িতে শহীদ এম মনসুর আলীর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। মোহাম্মদ নাসিম বলেন, বৃহস্পতিবার বিএনপিপন্থি আইনজীবীরা দেশের সর্বোচ্চ আদালতে যে ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছেন তা বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন। তারা আইন মানে না, নিয়মনীতি মানে না, আদালত মানে না। তারা রাজনীতির মাঠ ছাড়িয়ে আদালতেও নৈরাজ্য সৃষ্টি করতে চায়। ভবিষ্যতে এমন ঘটনা ঘটলে আদালতই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মোহাম্মদ নাসিম বলেন, আদালতে বিএনপিপন্থি আইনজীবীদের এমন আচরণে প্রধান বিচারপতিও উষ্মা প্রকাশ করেছেন। বিএনপির উদ্দেশে তিনি আরো বলেন, অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে তারা সঠিক পথে রাজনীতি করুক এটা জনগণের কাম্য তা না হলে ভবিষ্যতে আরো খেসারত দিতে হবে বলেও তিনি মন্তব্য করেন।