ডাক্তারদের ঘাড়ে কয়টা মাথা যে বলবেন খালেদা জিয়া অসুস্থ ----------মির্জা ফখরুল

আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৯, ২৩:৫৬

বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে চিকিত্সকদের নিরপেক্ষ প্রতিবেদন দাখিল নিয়ে সংশয় প্রকাশ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের প্রধান নির্বাহী কর্মকর্তা যখন বলেন যে, সব ঠিক আছে, খালেদা জিয়া সুস্থ আছেন, রাজার হালতে আছেন; তখন বিএসএমএমইউর উপাচার্য ও ডাক্তারদের ঘাড়ে কয়টা মাথা আছে যে, বলবেন খালেদা জিয়া খারাপ আছেন।

গতকাল জাতীয় প্রেসক্লাবে আবদুস সালাম হলে ’৯০-এর ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্য আয়োজিত খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও তারেক রহমানের সাজা বাতিল এবং স্বৈরাচার পতন দিবস উপলক্ষ্যে এক আলোচনাসভায় তিনি এসব কথা বলেন। আলোচনা সভায় ডাকসুর সাবেক ভিপি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, সাবেক ছাত্রনেতা ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, ডাকসুর সাবেক এজিএস নাজিম উদ্দিন আলম প্রমুখ বক্তব্য দেন।

মির্জা ফখরুল বলেন, কালকে সরকার আদালত অবমাননা করেছে। বিএসএমএমইউয়ের উপাচার্য আদালত অবমাননা করেছেন। কারণ আদালত ৫ তারিখের মধ্যে খালেদা জিয়ার স্বাস্থ্য প্রতিবেদন চেয়েছিলেন। কোর্ট আদেশ দিয়েছিলেন যে, এই রিপোর্ট ডাক্তারদের স্বাক্ষরসহ হাজির করতে হবে। কিন্তু তারা করেননি। তার আগের দিন প্রধানমন্ত্রী বললেন, ‘খুব ভালো আছেন, সুস্থ আছেন।’ এমন বক্তব্য দিয়ে প্রধানমন্ত্রী আদালতের ওপর হস্তক্ষেপ করে অবমাননা করেছেন।

আমানউল্লাহ আমান বলেন, আজ গণতন্ত্র মুক্তি দিবসে গণতন্ত্রের মা, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার বাইরে থাকার কথা। কিন্তু আজকে তিনিই কারাগারে বন্দি আছেন। আপসহীন নেত্রী বলেই আজ তাকে কারাগারে থাকতে হচ্ছে।