‘ঘুষ নেওয়ার সময়’ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (সিভিল অ্যাভিয়েশন) এক কর্মকর্তাকে ঘুষসহ ‘হাতেনাতে’ গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ঐ কর্মকর্তার নাম এইচ এম রাশেদ সরকার। তিনি সিভিল অ্যাভিয়েশনের জুনিয়র লাইসেন্স ইন্সপেক্টর ও কনসালট্যান্ট পদে কর্মরত। গতকাল শুক্রবার রাজধানীর উত্তরার একটি রেস্তোরাঁ থেকে ফাঁদ পেতে দুদক টিম তাকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ঘুষের এক লাখ টাকা জব্দ করা হয়।
তার গ্রেফতারের ব্যাপারে দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য জানান, সম্প্রতি দুদকে অভিযোগ আসে যে সিভিল অ্যাভিয়েশনের লাইসেন্স যাচাই করে বিমানের বাণিজ্যিক পাইলট পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ করে দেওয়ার কথা বলে সিভিল অ্যাভিয়েশনের জুনিয়র লাইসেন্স ইন্সপেক্টর ও কনসালট্যান্ট এইচ এম রাশেদ সরকার এক ব্যক্তির কাছে ঘুষ দাবি করে। এরপর ঐ ব্যক্তি এঘটনাটি দুদককে জানায়। দুদক সকল প্রকার নিয়মনীতি মেনে এ ব্যাপারে একটি টিম গঠন করে। দুদকের প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মাসুদুর রহমানের নেতৃত্বে ঐ টিম গতকাল শুক্রবার আগে থেকে উত্তরার ঐ রেস্তোরাঁয় অবস্থান নেয়। পরে এইচ এম রাশেদ সরকার উক্ত ব্যক্তির কাছ থেকে ঘুষের টাকা নিতে গেলে দুদক টিম টাকাসহ এইচ এম রাশেদ সরকারকে আটক করে। এ সময় তার কাছ থেকে ঘুষের এক লাখ টাকা জব্দ করা হয়। এ ঘটনায় দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এ একটি মামলা দায়ের করা হবে বলে তিনি জানান।
