বিপাকে শিক্ষার্থীরা
বামনা (বরগুনা) সংবাদদাতা
বরগুনার বামনা উপজেলার বুকাবুনিয়া ইউনিয়নে দধিভাংগা বড়তালেশ্বর মহিউসুন্নাহ আলিম মাদ্রাসার মাঠে প্রতি সপ্তাহের সোমবার ও শুক্রবার গরুর হাট বসে। এতে শিক্ষক ও শিক্ষার্থীরা দুর্ভোগে পড়েছেন। সরেজমিনে দেখা গেছে, গরুর ময়লায় মাদ্রাসার মাঠ ও বারান্দা নষ্ট হয়ে যায়। এতে দুর্গন্ধযুক্ত পরিবেশের সৃষ্টি হয়। ফলে ছাত্রছাত্রীদের ক্লাস করতে চরম অসুবিধা হচ্ছে। শিক্ষার্থী শহিদুল ইসলাম জানান, মাদ্রাসা মাঠে গরুর হাট বসায় আমাদের মাদ্রাসায় বসা ও খেলাধুলা করতে অসুবিধা হয়।
নাম প্রকাশ না করার শর্তে এক শিক্ষক জানান, প্রভাবশালীরা এই গরুর হাটটি পরিচালনা করেন বিধায় আমরা মুখ খুলতে পারছি না।
মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নজরুল ইসলামের কাছে মতামত জানতে চাইলে তিনি বলেন, আমার বিদ্যালয়ের মাঠে গরুর হাট বসানো হয়। এতে আমরা সমস্যায় পড়ছি। এ ব্যাপারে মাদ্রাসার পরিচালনা কমিটির হস্তক্ষেপ দরকার।
মাদ্রাসার অভিভাবক মো. তোতা মিয়া জানান, মাদ্রাসার মাঠে গরুর হাট বসায় ছেলেমেয়েদের লেখাপড়ায় চরম বিঘ্ন ঘটছে এবং শুক্রবার মাদ্রাসা জামে মসজিদে জুমার নামাজ আদায় করতেও মুসল্লিদের চরম দুর্ভোগ হয়।
উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা সুলতানা জানান, শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে গরুর হাট বসার কোনো সুযোগই নেই। সরেজমিনে তদন্ত করে দেখা হবে। যদি প্রতিষ্ঠানের মাঠে গরুর হাট বসে তাহলে বিধিমোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
