নিয়মিত বেতন নেই, চরম সংকটে কর্মকর্তা-কর্মচারীরা

আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৯, ২১:৩২

শ্রীবরদী পৌরসভা

শ্রীবরদী (শেরপুর) সংবাদদাতা

শ্রীবরদী পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা গত কয়েক মাস ধরে বেতন-ভাতা পাচ্ছেন না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এ অবস্থায় আর্থিকভাবে চরম সংকটে পড়েছেন তারা।

পৌরসভার হিসাব রক্ষক তারেক বলেন, পৌরসভার সাংগঠনিক কাঠামোভুক্ত (নিয়মিত বেতন) দুই জন কর্মকর্তা এবং ২৩ জন কর্মচারী রয়েছে। দৈনিক হাজিরার ভিত্তিতে রয়েছেন ২০ জন কর্মী। সবার বেতন-ভাতা দিতে বছরে প্রয়োজন ১ কোটি ২০ লাখ টাকা।

পৌরসভার অতিরিক্ত প্রকৌশলী ফখরদ্দিন আহাম্মদ বলেন, এ পৌরসভার নিজস্ব আয়ের তেমন কোনো উত্স নেই, লোকজন হোল্ডিং ট্যাক্স দেয় না, বড়ো কোনো ব্যবসাপ্রতিষ্ঠানও নেই। আয়ের কোনো উত্স না থাকলে  আমরা বেতন-ভাতা কোত্থেকে দেব। পৌর সচিব সরাফত আলী বলেন, আমার নিজেরও অনেক বেতন-ভাতা বাকি আছে। সব সময় আমাকে আর্থিক সংকটে থাকতে হয়। এ পৌরসভায় অর্থ সংকুলানের অভাবে কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বন্ধ রয়েছে। এতে কর্মকর্তা-কর্মচারীদের মানবেতন জীবনযাপন করতে হচ্ছে। হাটবাজারের ইজারার অর্থসহ পৌর ট্যাক্সের টাকা দিয়েই কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা দেওয়া হয়। তবে এই সকল কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা সরকারি কোষাগার থেকে দেওয়া হলে এই দুরবস্থায় থাকতে হতো না।

মেয়র আবু সাঈদ বলেন, কিছুদিনের মধ্যেই কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা দেওয়া হবে।