রংপুরে সবজির দাম চড়া

আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৯, ২১:৩৪

স্টাফ রিপোর্টার, রংপুর

শীত মৌসুমে সবজির আমদানি ব্যাপক হলেও দাম চড়া। ফলে সাধারণ ক্রেতাদের সবজি কিনতে নাভিশ্বাস উঠেছে। সরেজমিনে দেখা গেছে, আড়তে সবজি উত্পাদনকারীরা তেমন দাম পাচ্ছেন না। অথচ আড়তের চেয়ে খুচরা বাজারে যেকোনো সবজির দাম কেজিপ্রতি ১০ থেকে ১৫ টাকা বেশি হওয়ায় ক্রেতাদের মড়ার ওপর খাঁড়ার ঘা। শাক ছাড়া ৪০ টাকার নিচে কোনো সবজি মিলছে না।

রংপুর সিটি কাঁচা বাজারে ফুলকপি ৫০ থেকে ৬০ টাকা, বাঁধাকপি ৪০ টাকা, মুলা ৩৫ থেকে ৪০ টাকা, শিম ৫০ থেকে ৬০ টাকা, ঝিঙা ১০০ টাকা, শসা ৭০ থেকে ৮০ টাকা, বরবটি ৭০ টাকা, ঢেঁড়স ৭৫ থেকে ৮০ টাকা, তিতকরলা ৮০ টাকা, বেগুন ৫০ টাকা, মিষ্টি কুমড়া ৪৫ টাকা এবং টম্যাটো ৮০ থেকে ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। 

শুক্রবার বাজার করতে আসা জেসমিন বেগম জানান, আয়ের তুলনায় ব্যয়  বেড়েছে অনেক গুণে। দুই রকমের সবজি কিনতেই ১০০ টাকা লাগছে। এর বাইরে রান্নার অন্যান্য উপকরণের দামও আকাশছোঁয়া। এ অবস্থায় হিমশিম  খেতে হচ্ছে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের ক্রেতাদের। এদিকে সবজি বিক্রেতারা বলছেন, শীতকালীন সবজি পরিবহনে খরচ বেশি পড়ছে। তাই দাম বেশি। তবে গত সপ্তাহের ব্যবধানে শুক্রবার বাজারে শীতকালীন সবজির দাম কেজিপ্রতি ১০ থেকে ১৫ টাকা কমেছে বলেও দাবি তাদের।