সংবাদ সংক্ষেপ

আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৯, ২১:৩৬

হতদরিদ্রদের মধ্যে শীতবস্ত্র বিতরণ

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা পাকুন্দিয়ায় ১৫০ জন হতদরিদ্র, সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের মধ্যে শনিবার শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। হুসাইনীয়া দরিদ্র কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। এ উপলক্ষ্যে তারাকান্দি বাজার ঈদগাহ্ মাঠে সংগঠনটির আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা ট্যাকসেস বার অ্যাসোসিয়েশনের আয়কর আইনজীবী অ্যাডভোকেট এনামুল হাসান। তারাকান্দি জামিয়া হুসাইনীয়া আছআদুল উলুম কওমি ইউনিভার্সিটির প্রিন্সিপাল রশিদ আহমাদ জাহাঙ্গীর হুসাইনীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাঙালিয়া ইউপি চেয়ারম্যান সরকার শামীম আহমেদ, বিশিষ্ট শিল্পপতি রবিউল করিম জনি ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা নোমান মোল্লা।

বিজ্ঞান মেলা উদ্বোধন

নন্দীগ্রাম (বগুড়া) সংবাদদাতা নন্দীগ্রামে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে। শনিবার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে মেলা উদ্বোধন করেন বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ হোসেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আখতারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একরামুল হক প্রমুখ।

প্রতিবন্ধীদের নিয়ে পারস্পরিক শিখন ও মতবিনিময় সভা

বাঁশখালী (চট্টগ্রাম) সংবাদদাতা বাঁশখালীতে শনিবার প্রতিবন্ধী সদস্যদের নিয়ে পারস্পরিক শিখন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থা ও সিবিএম অস্ট্রেলিয়ান এইড প্রকল্পের উদ্যোগে উপজেলার সাধনপুর ইউনিয়নের বাণীগ্রামে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অতিথি ছিলেন সিডিডি কো-অর্ডিনেটর রেজাউল আলম, যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ইয়াছমিন পারভীন এবং এসিবিআইডি প্রজেক্ট ম্যানেজার তানভীর আহমেদ ও ডিটিও ইমরান নাদিম।

কৃষকের কাছ থেকে ধান ক্রয়ের উদ্বোধন

তারাগঞ্জ (রংপুর) সংবাদদাতা তারাগঞ্জ উপজেলা খাদ্য গুদামে সরাসরি কৃষকদের কাছ থেকে আমন ধান ক্রয়ের উদ্বোধন করা হয়েছে শনিবার।

রংপুরের জেলা প্রশাসক আসিক আহসান অনন্তপুর গ্রামের কৃষক আহসানুল হকের এক মেট্রিক টন ধান কিনে এর উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, তারাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতিয়ার রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা অশোক কুমার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কে এম তরিকুল ইসলাম প্রমুখ।

শহিদ মিনার উদ্বোধন ও ছাদ বাগানের ফল উত্সব

লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতা লোহাগাড়ায় শনিবার চুনতি শাহ সুফি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শহিদ মিনার উদ্বোধন ও ছাদ বাগানের ফল উত্সব অনুষ্ঠিত হয়েছে। চুনতি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অর্থায়ন ও বাস্তবায়নে বিদ্যালয় ভবনের সামনে নবনির্মিত শহিদ মিনার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌছিফ আহমেদ। পরে বিদ্যালয়ের ছাদে ড্রামে রোপণ করা ৪২ প্রজাপতির গাছে ধরা পাকা ফল নিয়ে অনুষ্ঠিত হয়েছে ফল উত্সব। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. নুরুল আমিন।

পরিবার কল্যাণ সেবা সপ্তাহ শুরু

মুন্সীগঞ্জ প্রতিনিধি মুন্সীগঞ্জে শনিবার পরিবার পরিকল্পনার পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ শুরু হয়েছে। জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মা ও শিশু কল্যাণ কেন্দ্রে এসে শেষ হয়। র্যালি শেষে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খান মো. নাজমুস শোয়েব। জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরে উপপরিচালক ডা. মো. গোলাম মোস্তফার সভাপতিত্বে আরো অংশ নেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. সুমন বণিক, পরিবার পরিকল্পনা অধিদপ্তরে সহকারী পরিচালক মো. শাহাদাত্ হোসেন প্রমুখ।

প্রতিধ্বনি থিয়েটারের দুই যুগ পূর্তি উত্সব

কিশোরগঞ্জ প্রতিনিধি কিশোরগঞ্জে নাট্য সংগঠন প্রতিধ্বনি থিয়েটারের দুই যুগ পূর্তি উত্সব হয়েছে। এ উপলক্ষ্যে শুক্রবার রাতে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা ও নাটক মঞ্চস্থ হয়। বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম উত্সবের উদ্বোধন করেন। প্রতিধ্বনি থিয়েটারের অধিকর্তা ম ম জুয়েলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট অভিনেতা মনির খান শিমুল।