এবার সিরিজ জয়ে চোখ ভারতের

আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৯, ২১:৩৮

স্পোর্টস ডেস্ক

অধিনায়ক বিরাট কোহলির অনন্য ব্যাটিংয়ে জয় পাওয়ার পর এবার দ্বিতীয় টি-টোয়েন্টি দিয়েই সিরিজ জয় নিশ্চিত করতে মরিয়া ভারত। স্বাগতিকদের লক্ষ্য জয়ের ধারা অব্যাহত রাখা। অন্যদিকে প্রথম ম্যাচ হারলেও, কেরালায় আজ ঘুরে দাঁড়িয়ে সিরিজে সমতা আনতে মরিয়া ওয়েস্ট ইন্ডিজ।

অধিনায়ক বিরাট কোহলির ভয়ংকর ইনিংসের সুবাদে হায়দরাবাদে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুর্দান্ত এক জয় পায় স্বাগতিক ভারত। ওয়েস্ট ইন্ডিজের ছুঁড়ে দেওয়া ২০৮ রানের টার্গেট ৮ বল বাকী রেখেই স্পর্শ করে ফেলে টিম ইন্ডিয়া। ছয় উইকেটে ম্যাচ জয়ে স্বাদ নেয় তারা।

এই দিনে কোহলির ব্যাটে রান তাড়া করে ম্যাচ জয়ের নয়া রেকর্ড গড়লো ভারত। এর আগে টি টোয়েন্টিতে ২০০৯ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ২০৬ রান তাড়া করে ম্যাচ জিতেছিল ভারত। এ ছাড়া টি-টোয়েন্টি ক্রিকেটে এই নিয়ে সর্বোচ্চ তিনবার ২০০ এর বেশি রান তাড়া করে জিতলো টিম ইন্ডিয়া। দুবার করে এমন কীর্তি গড়েছে অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা। হায়দরাবাদে সিরিজের প্রথম টি টোয়েন্টিতে ৫০ বলে অপরাজিত ৯৪ রান করে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতকে দুর্দান্ত জয়ের স্বাদ নেন অধিনায়ক বিরাট কোহলি। ফলে ম্যাচ সেরাও হন তিনি।

এই নিয়ে টি-২০ ক্যারিয়ারে ১২ তমবারের মত ম্যাচ সেরা হলেন কোহলি। এর মধ্য দিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ ম্যাচ সেরা হবার ক্ষেত্রে যৌথভাবে আফগানিস্তানের মোহাম্মদ নবীর সঙ্গে শীর্ষস্থান দখল করলেন কোহলি। ১২ বার ম্যাচ সেরা হয়ে এতোদিন সবার ওপরে একাই ছিলেন নবী। এবার নবীকে স্পর্শ করলেন কোহলি। চলতি বছর এই নিয়ে দ্বিতীয়বার ম্যাচ সেরা হয়েছেন কোহলি। গত সেপ্টেম্বরে মোহালিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অপরাজিত ৭২ রান করে ম্যাচ সেরা হয়েছিলেন তিনি।

এমন রেকর্ডের ম্যাচে দুর্দান্ত জয়ে উড়ছে ভারত। তবে সিরিজ জয়ের ক্ষুধা থেকে নিজেদের সরিয়ে নেয়নি টিম ইন্ডিয়া। এমনটাই জানালেন ভারতের ওপেনার লোকেশ রাহুল, ‘অবশ্যই দুর্দান্ত এক জয়। ২০০ রান তাড়া করে ম্যাচ জয় অনেক বড়ো ব্যাপারই। কোহলি সত্যিই ভয়ংকর ব্যাটসম্যান। এমন জয়ের পর পুরো দলের আত্মবিশ্বাস আকাশ ছোয়া। কিন্তু আমরা সিরিজ জয়ের দিকেই মনোযোগ রাখছি। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই দ্বিতীয় ম্যাচ খেলতে নামব।’ ব্যাটসম্যানরা শতভাগ উজাড় করে দিলেও, বোলারদের খারাপ পারফরমেন্সে ম্যাচ হারের খেসারত দিতে হলো ওয়েস্ট ইন্ডিজকে। অবশ্য ম্যাচ হারের জন্য বোলারদের কাঠগড়ায় তুলছেন না ওয়েস্ট ইন্ডিজের ওপেনার হেটমায়ার। তার মতে দুর্দান্ত ক্রিকেট খেলেছে ভারতের ব্যাটসম্যানরা। তিনি বলেন, ‘দলের ব্যাটসম্যানরা দারুণ ব্যাট করেছে। বোলাররাও ভালো করেছে। তবে আমি বলবো, ভারতের দুই ব্যাটসম্যান কোহলি-রাহুল অসাধারণ ক্রিকেট খেলেছে। তাই জয়টা তাদেরই প্রাপ্য ছিল। তবে পরের ম্যাচেই আমরা ঘুড়ে দাঁড়াতে সর্বাত্মক চেষ্টা করব। সিরিজে আমাদের আশা বাঁচিয়ে রাখব।’