স্পোর্টস রিপোর্টার
এসএ গেমস শুটিংয়ে আব্দুল্লাহ হেল বাকিকে নিয়ে অনেক প্রত্যাশা ছিল। এই সিনিয়র শুটার দেশের জন্য একটা সোনার পদক এনে দেবেন। সেটা হয়নি। ব্যক্তিগত ১০ মিটার এয়ার রাইফেল সোনা জেতার সুযোগ হারানো আবদুল্লা হেল বাকির সামনে ছিল আরেকটি সুযোগ। মিশ্র দলগত ইভেন্টের ফাইনালে নারী শুটার আতকিয়া হাসান দিশার সঙ্গে জুটি হয়ে বাকি হেরে গেছেন ভারতের বিপক্ষে। উন্নতিটা হয়েছে ব্রোঞ্জ থেকে রৌপ্য পদক গলায় উঠেছে।
কমনওয়েলথ গেমসে দুই রৌপ্য জেতা বাকি এবার এসএ গেমসে স্বর্ণজয়ের লক্ষ্য নিয়েই নেপালের মাটিতে পা রেখেছিলেন। গত বৃহস্পতিবার শাতদোবাতো স্পোর্টস কমপ্লেক্সে ১০ মিটার এয়ার রাইফেল ব্যক্তিগত ইভেন্টে সোনার দেখা পাননি। ব্রোঞ্জ নিয়েই সন্তুষ্ট থাকতে হয় গাজীপুরের এই শুটারকে।
তার এ স্বর্ণখরাটা কাটতে পারত গতকাল শুক্রবার। কাঠমান্ডুতে ১০ মিটার এয়ার রাইফেল মিশ্র ফাইনালে প্রতিপক্ষ ছিল ভারত। স্বর্ণজয়ের পথে শুরুতে দারুণই খেলছিলেন দুই শুটার। প্রথম ছয় সেট শেষে ভারতের মেহুলি ঘোষ ও ইয়াশ বর্ধনের সঙ্গে ৭-৭ পয়েন্টে সমতা ছিল তাদের। কিন্তু এরপরই যেন খেই হারিয়ে ফেললেন আব্দুল্লাহ হেল বাকি এবং আতকিয়া হাসান দিশা।
পরের ছয় সেটে বাংলাদেশ জিতল মোটে দুই পয়েন্ট। এ সময় ১০ পয়েন্ট জিতে স্বর্ণজয় নিশ্চিত করে ভারত। ফলে শুরুতে দারুণ খেলেও হারতে হয় বাকী ও দিশাকে। রৌপ্যপদক নিয়েই সন্তুষ্ট থাকতে হলো বাংলাদেশকে।
