ইত্তেফাক রিপোর্ট
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নতুন ১৮টি ওয়ার্ডকে আধুনিক সুবিধাসম্পন্ন ও বসবাসের উপযোগী করে গড়ে তোলা হচ্ছে বলে জানিয়েছেন সংস্থাটির মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। গতকাল মেয়র ১৯টি নব নির্মিত সড়কের আনুষ্ঠানিক উদ্বোধন ও ৩টি সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এসব কথা বলেন।
মেয়র খোকন বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাথে নব সংযুক্ত ৯টি ওয়ার্ডে ৫৫৪ কোটি টাকা ব্যয়ে ৫১৪টি সড়কের নির্মাণকাজের মধ্যে ইতিমধ্যে ৪৬৬টি সড়কের নির্মাণকাজ সমাপ্ত হয়েছে। মোট ৪৪টি প্যাকেজের আওতায় নতুন সড়ক, নর্দমা, ফুটপাত নির্মাণ, এলইডি বাতি স্থাপন ইত্যাদি কাজ অন্তর্ভুক্ত রয়েছে। তিনি বলেন, ৪৪টি প্যাকেজের আওতায় ১২৬ কি. মি. সড়ক, ১২১ কি. মি. নর্দমা, ৬ কি. মি. ফুটপাত এবং ৭৬২০টি এলইডি বাতি স্থাপন কাজ অন্তর্ভুক্ত রয়েছে।
অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লা, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের নব নির্বাচিত সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর, ওয়ার্ড কাউন্সিলর, করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ্ ইমদাদুল হক, প্রধান প্রকৌশলী রেজাউল করিম প্রমুখ উপস্থিত ছিলেন।
মেয়র এসব প্রকল্প উদ্বোধন শেষে মাতুয়াইল আদর্শ স্কুল মাঠ মৃধাবাড়িতে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এ সময় মেয়র বলেন, দক্ষিণ সিটি এলাকার নবনির্মিত অন্যান্য সড়কগুলিও পর্যায়ক্রমে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। মেয়র বঙ্গবন্ধু কণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অকুণ্ঠ কৃতজ্ঞতা স্বীকার করে বলেন তার প্রকল্প সহায়তা পাওয়ার ফলেই নব সংযুক্ত এ ওয়ার্ডগুলিকে আধুনিকভাবে গড়ে তোলার কার্যক্রম গ্রহণ করা সম্ভব হয়। নব সংযুক্ত ওয়ার্ডগুলিতেও মূল ঢাকার মত রাস্তা, নর্দমা, ফুটপাথ নির্মাণ এলইডি বাতি স্থাপনের মাধ্যমে আধুনিকভাবে গড়ে তোলা হচ্ছে। নাগরিক সুযোগ সুবিধা আধুনিকায়নের ফলে এলাকাবাসীর জীবনযাত্রাতেও গুনগত পরিবর্তন এসেছে।
