গডফাদারগিরি করে নেতা হওয়া যাবে না

আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৯, ২২:৩৯

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আমাদের বহু কর্মী আছে। খারাপ লোকের কোনো প্রয়োজন নেই। বুয়েটে আবরারকে যারা হত্যা করে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কথায় কথায় যারা কলহ করে, যারা রাজশাহীতে অধ্যক্ষকে পানিতে ফেলে দেয়—এ ধরনের কর্মীর আমাদের কোনো প্রয়োজন নেই। মাস্তানি করে, গডফাদারগিরি করে নেতা হওয়া যাবে না।’

গতকাল শনিবার দুপুরে চট্টগ্রাম মহানগরীর লালদীঘির ময়দানে উত্তর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কাদের বলেন, চক্রান্ত করে টেমস নদীর ওপার থেকে নাশকতার নির্দেশ দিয়ে আদালত প্রাঙ্গণকে রণাঙ্গন বানিয়ে ক্ষমতায় যাওয়া যাবে না। এই স্বপ্ন তাদের জন্য দুঃস্বপ্ন। তিনি বলেন, বিএনপির ধ্বংস বিএনপি নিজেরাই ডেকে আনছে। আওয়ামী লীগ শক্তিশালী বিরোধী দল চায়, কিন্তু বিরোধিতার নামে নাশকতা সহ্য করা হবে না। সুন্দর ছবি ব্যানারে ও পোস্টারে ছাপিয়ে নেতা হওয়া যাবে না মন্তব্য করে তিনি বলেন, ‘আমরা সুশৃঙ্খল আওয়ামী লীগ চাই, বিশৃঙ্খলা চাই না। সুবিধাবাদীদের দলে চাই না। অতিথি পাখিদের স্থান হবে না আওয়ামী লীগে। ত্যাগী কর্মীদের নেতা বানানো হবে।’

দেশে দুর্নীতি, টেন্ডারবাজিসহ সব অপতত্পরতার বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত শুদ্ধি অভিযান স্তিমিত হয়ে যায়নি উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘কখন যে কে জালে ধরা পড়বে, আমি এখান থেকে বলতে পারছি না। এই শুদ্ধি অভিযান আমাদের সফল করতে হবে।’ তিনি বলেন, যারা মনে করেন একটা ধাক্কা দিলে আওয়ামী লীগের পতন হবে, তারা বোকার স্বর্গে বাস করছেন। ক্ষমতা যদি চান, তবে আরেকটা নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে।

সম্মেলন উদ্বোধন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। সভাপতিত্ব করেন উত্তর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও রেলপথ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী এমপি। উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালামের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন :আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সংসদ সদস্য অ্যাডভোকেট আবদুল মতিন খসরু, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, পানিসম্পদ উপমন্ত্রী ও সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম মহানগরী আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী প্রমুখ।

সালাম সভাপতি, আতাউর সম্পাদক নির্বাচিত

সম্মেলনের দ্বিতীয় পর্ব বিকেলে মহানগরীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে শুরু হয়। এতে কাউন্সিলরদের ভোটে উত্তর জেলা কমিটির সভাপতি পদে এম এ সালাম এবং সাধারণ সম্পাদক পদে শেখ আতাউর রহমান আতা নির্বাচিত হয়েছেন। নতুন নেতৃত্বের নাম ঘোষণা করেন ওবায়দুল কাদের।