আওয়ামী আইনজীবীরাও সুপ্রিম কোর্ট ভাঙচুর করেছিল :ফখরুল

আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৯, ২২:৪১

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দখলদার মন্ত্রিসভার সদস্যরা বেগম খালেদা জিয়ার জামিন প্রসঙ্গে উলটাপালটা কথাবার্তা বলছেন। অথচ ২০০৬ সালে আদালতে আওয়ামী লীগের আইনজীবীরা আন্দোলনের নামে হাইকোর্টে ভাঙচুর চালায়। আমাদের নেতা শাহজাহান ওমরের গাড়ি পুড়িয়ে দিয়েছিল। প্রধান বিচারপতির এজলাস লণ্ডভণ্ড করেছিল। আদালত শুনানি স্থগিত করেছিল।

গতকাল নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভাশেষে সংবাদ সম্মেলনে তিনি এসব মন্তব্য করেন।তিনি বলেন, বেগম খালেদা জিয়ার জামিন নিয়ে জঘন্য নাটক করছে সরকার। আমি বলব—দয়া করে নাটক বাদ দিয়ে বেগম জিয়াকে জামিন দিয়ে বেঁচে থাকার ব্যবস্থা করুন। না হলে দেশের মানুষ কখনোই আপনাদের ক্ষমা করবে না। দেয়ালের লিখন পড়ুন। মানুষের মুখের ভাষা বুঝতে চেষ্টা করুন।

মির্জা ফখরুল বলেন, আজকে সর্বক্ষেত্রে সরকার পুরোপুরি ব্যর্থ। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের নাভিশ্বাস উঠেছে। প্রত্যেকটি সূচক কমেছে। গার্মেন্টস শিল্প ধ্বংস। রপ্তানি কমেছে। দেশকে খালি কলসির দিকে নিয়ে গেছে সরকার। এখন দুর্বৃত্তদের কবলে দেশ। রাষ্ট্রীয় সম্পদ লুট করে দেশকে ফোকলা করে দিয়েছে। সব বিদেশে পাচার করছে।

তিনি বলেন, ক্ষমতাসীনরা সংবিধান সংশোধন করে একদলীয় শাসনব্যবস্থা কায়েম করতে সমস্ত আয়োজন চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। শুধু দল ও ব্যক্তিকে ক্ষমতায় যাওয়ার জন্য স্বাধীনতার স্বপ্ন ভেঙে খান খান করে দিয়েছে। মানুষের ভোটাধিকার হরণ করে বাকস্বাধীনতা কেড়ে নিয়েছে। ক্ষমতাসীনরা ভয়ের পরিস্থিতি তৈরি করে দেশ শাসন করছে।