বরিশাল মহানগর আওয়ামী লীগের সম্মেলন আজ

আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৯, ২২:৪২

ব্যাপক আয়োজনের মধ্যে দিয়ে আজ ঐতিহাসিক বঙ্গবন্ধু উদ্যানে অনুষ্ঠিত হতে যাচ্ছে বরিশাল মহানগর আওয়ামী লীগের ত্রি বার্ষিক সম্মেলন। বরিশাল মহানগর আওয়ামী লীগের সম্মেলনে ৩০ হাজার নেতা-কর্মীর সমাগম হবে বলে আশা প্রকাশ করেছেন সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। শনিবার সন্ধ্যায় বঙ্গবন্ধু উদ্যানে সম্মেলন উপলক্ষ্যে মহানগর আওয়ামী লীগ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। এ সময় তিনি আরো বলেন, সম্মেলন উপলক্ষ্যে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এছাড়া মহিলাদের জন্য আলাদা স্থান নির্ধারণ করা হয়েছে। মেয়র বলেন, দলের জন্য কাজ করতে হলে পদ পদবীর দরকার হয় না। আমি কোনো পদ পদবী চাচ্ছি না। মহানগর আওয়ামী লীগকে সু-সংগঠিত করতে যা দরকার সেটাই কেন্দ্রীয় নেতৃবৃন্দ করবেন বলে আশাবাদী।

মহানগর আওয়ামী লীগের সভাপতি গোলাম আব্বাস চৌধুরী দুলাল সংবাদ সম্মেলনে বলেন, আওয়ামী লীগ সব সময়ই স্বচ্ছতা নিয়ে কাজ করে। বরিশাল মহানগরে ৩৭১ জন কাউন্সিলর রয়েছেন, তারাই সিদ্ধান্ত নিবেন কাদের নেতৃত্বে আনা হবে। তিনি বলেন, আওয়ামী লীগে অনেক লোকের সমাগম ঘটেছে। যে কারণে পদ প্রত্যাশীদের সংখ্যা বেড়েছে। সম্মেলনে মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আফজালুল করিম, সাইদুর রহমান রিন্টু এবং সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীরসহ অনেকে উপস্থিত ছিলেন।